টাকার পাহাড়! হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দানপাত্র-অ্যাকাউন্টে জমা পড়ল ৪ কোটি টাকার বেশি

সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদানের বন্যা অব্যাহত। নগদ ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪ কোটি টাকার বেশি অনুদান জমা পড়েছে বলে তিনি জানিয়েছেন।
হুমায়ুন কবীর বুধবার বলেন, শুধুমাত্র ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’ নামে খোলা ট্রাস্টের অ্যাকাউন্টে আজ সন্ধ্যা পর্যন্ত ৩ কোটি টাকারও বেশি জমা পড়েছে। এই অর্থ বিভিন্ন ব্যক্তি ও বিভিন্ন জায়গা থেকে কিউআর কোডে খোলা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। অন্যদিকে, গত ৬ ও ৭ তারিখে ৬৫ লক্ষ ৬৭ হাজার টাকা নগদ জমা পড়েছিল। ৭ তারিখ থেকে দানপাত্রে আরও টাকা জমা পড়ছে, যার গণনা শুরু হবে কাল-পরশু নাগাদ। সবমিলিয়ে দানের পরিমাণ ৪ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
বিদেশ থেকেও অনুদান ও কটাক্ষ:
বিধায়ক হুমায়ুন কবীর দাবি করেছেন, অনুদানের জন্য বিদেশ থেকেও অনেকে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। তিনি বলেন, “বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে। ব্যাঙ্কিংয়ের কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা বলেছে, ‘এটা করতে যতটা টাকা লাগুক আমরা দেব, আপনি করুন’।” এই বিপুল অঙ্কের অনুদান সংগ্রহ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য গতকালই এই অনুদান নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “এটা তৃণমূলের টাকা। হুমায়ুন কবীরকে তৃণমূলই তৈরি করেছে। তৃণমূলের ওটা ‘PLAN B’, যে ভোট লুঠ করে যদি জিততে না পারি, তারপরে হুমায়ুন আছে। তারপরে পশ্চিম বাংলাদেশ বানিয়ে জিতব।” তিনি প্রশ্ন তুলে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী থাকবার পরে, তাঁর রক্তচক্ষুকে উপেক্ষা করে হুমায়ুন কবীরের এই সাহস আছে যে অনুমোদন ছাড়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেবে?”