এসআইআর নিয়ে বিরোধীদের মিথ্যাচার, ‘তাদের ভোট দিত বিদেশিরা,’ লোকসভায় কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভার অধিবেশনে এসআইআর (SIR – System for Identification of Residents/Similar to Voter Roll System) ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন। তিনি সরাসরি অভিযোগ করেন যে এসআইআর-এর বিরোধিতা করে কিছু রাজনৈতিক দল মিথ্যাচার করছে, কারণ এই পদ্ধতির ফলে তারা তাদের ভোটব্যাঙ্ক হারাচ্ছে।

অমিত শাহ বলেন, “এসআইআর হওয়ায় কিছু রাজনৈতিক দলের অসুবিধা হচ্ছে, মানছি। কারণ তাদের তো দেশের লোক ভোট দিত না। বিদেশিরা ভোট দিত। গত চার মাস ধরে বিরোধীরা, বিশেষত কংগ্রেস পার্টি, এসআইআর নিয়ে মিথ্যা বলে এসেছে।”

সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর প্রশ্ন:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী জোটের নেতাদের নাম ধরে আক্রমণ করেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়, স্তালিন, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খারগে, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, হেমন্ত সোরেন, ভগবন্ত মানরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। আগে কংগ্রেস একা ছিল, এখন তার ইন্ডি জোটের সবাই প্রশ্ন তুলছেন। সাংবিধানিক এক প্রতিষ্ঠানের উপর প্রশ্ন তুলে কমিশন এবং ভারতের গণতন্ত্রের ছবি নষ্ট করছেন আপনারা।”

‘ভোটে হারের কারণ নেতৃত্ব, ভোটার তালিকা নয়’:

শাহ বিরোধীদের ব্যর্থতার আসল কারণ হিসেবে তাদের নেতৃত্বকেই দায়ী করেন। তিনি বলেন, “আসলে ভোটে হারের কারণ তাদের নেতৃত্ব। কমিশন এবং ভোটার তালিকা নয়। মানুষের মনে কোনও ডাউট নেই। কারণ তারাই ভোট দিয়ে জিতিয়েছেন। আমরা তো অমেঠি, ওয়েনাড়ের ভোটার তালিকা নিয়েও প্রশ্ন তুলেছিলাম। সেটা নিয়ে তো কোনও কথা বলেন না।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলেন, ২০১৪ সালের মে মাস থেকে স্বচ্ছ নির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধনের আবেদন কংগ্রেসের তরফে কতবার জমা পড়েছে? তিনি জানান, “আমি জানতে পারলাম একটিও আবেদন কংগ্রেসের তরফে আসেনি নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করার জন্য।”

ইভিএম বিতর্ক ও কংগ্রেসের দ্বিমুখী নীতি:

অমিত শাহ ইভিএম বিতর্ক নিয়ে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, ২০১৪ সালে হারার পর থেকেই তারা ইভিএম-কে নিশানা করতে শুরু করে। “ইভিএম কে এনেছিল? রাজীব গান্ধির সময় এসেছিল। সর্বোচ্চ আদালতের ৫ বিচারপতির বেঞ্চ ২০০২ সালে এর আইনি বৈধতা নিয়ে সহমত হয়েছিল। এরা নিজেদের আনা আইনকে মানেন না। সর্বোচ্চ আদালতকেও মানে না।” তিনি মনে করিয়ে দেন, ২০০৪ ও ২০০৯ সালে যখন কংগ্রেস জিতেছিল, তখন ইভিএম নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। কিন্তু ২০১৪ সালে বিজেপি জিততেই শুরু হল “কাউ কাউ কাউ কাউ কাউ”। তিনি আরও জানান, এখনও পর্যন্ত ১৬০০০ ভিভিপ্যাট চেক হয়েছে, তাতে কোনও সমস্যা পাওয়া যায়নি।

Dipak Barman01
  • Dipak Barman01