চার চাকার গাড়ির ছাদে সওয়ার হনুমান! ‘হিরোর’ ভঙ্গিতে এলাকায় প্রবেশ, হনুমানের তাণ্ডবে ফের আতঙ্ক সাঁকরাইল-এ

হাওড়ার সাঁকরাইল ব্লকের ধানঘোরী, পালোইডাঙ্গা-সহ একাধিক এলাকায় বেশ কিছুদিন ধরেই একটি হনুমানের তাণ্ডবে চরম আতঙ্ক ছড়িয়েছিল। হঠাৎ হঠাৎ বাড়িতে ঢুকে পড়া, দোকানে হামলা করা এবং পথচারীদের তাড়া করার ঘটনায় এলাকার স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল। প্রাণভয়ে দোকানপাট বন্ধ রাখা হচ্ছিল এবং রাতে এলাকার বাসিন্দারা হাতে লাঠি নিয়ে পাহারা দিচ্ছিলেন।

পরবর্তীকালে কয়েকদিন ওই হনুমানের আর দেখা না মেলায় এলাকাবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও, সম্প্রতি ফের নতুন করে চাঞ্চল্য ছড়ায়। এবার এক চার চাকার গাড়ির ওপর বসে একেবারে সিনেমার পর্দার হিরোর ভঙ্গিতে এলাকায় ঢুকতে দেখা যায় সেই হনুমানকে। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ এই দৃশ্য দেখে বিস্মিত নজরে তাকিয়ে থাকেন।

ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়তেই এলাকায় আবার নতুন করে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত ওই হনুমানকে নিরাপদে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক, যাতে তাদের স্বাভাবিক জীবন ফিরে আসে।

Dipak Barman01
  • Dipak Barman01