কাজি লাল চাঁদ ও কৌশিক সিংহ রায় ধৃত! টোটো চুরির ঘটনায় সাংবাদিক সম্মেলন করল খানাকুল থানার পুলিশ

হুগলির খানাকুল থানা এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া টোটো থেকে ব্যাটারি চুরির ঘটনার দ্রুত কিনারা করল পুলিশ। চুরির লিখিত অভিযোগ পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং ছিনতাই হওয়া সমস্ত ব্যাটারি উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে খবর, খানাকুল থানা এলাকার এক বাসিন্দা তাঁর টোটো গাড়ি থেকে বেশ কয়েকটি ব্যাটারি চুরির অভিযোগ জানিয়ে ঘোষপুর ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে খানাকুল থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে ও গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দুই ব্যক্তিকে সনাক্ত করে এবং তাদের গ্রেফতার করে।

ধৃত দুই অভিযুক্তের নাম হল— কাজি লাল চাঁদ ও কৌশিক সিংহ রায়। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাদের জেরা করেই চুরি যাওয়া ব্যাটারিগুলি উদ্ধার করা হয়। জানা যায়, তারা খানাকুলের পিলখানা এলাকায় সুভাষ মান্নার টোটো গাড়ি থেকে ব্যাটারিগুলি চুরি করেছিল। ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হবে বলে খবর।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে খানাকুল থানায় একটি সাংবাদিক সম্মেলন করেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি সুমীর মুখার্জি।

এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান, টোটো চালকের অভিযোগের ভিত্তিতে খানাকুল থানার পুলিশ দ্রুত তদন্তে নামে এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের পুলিশি হেফাজতে নিয়ে জেরা করার পরই চুরি হওয়া ব্যাটারিগুলি উদ্ধার করা সম্ভব হয়।

Dipak Barman01
  • Dipak Barman01