ঘুরতে গেলে আর ‘আধার কার্ডের জেরক্স’ নয়! হোটেলের নিয়ম বদল, কেন্দ্রীয় নির্দেশিকায় ‘বিরাট স্বস্তি’ যাত্রীদের!

বছর শেষের ছুটির মরসুমে ভ্রমণপিপাসু মানুষদের জন্য বড় খবর! এখন থেকে হোটেলে বা অন্য কোথাও পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের (Aadhaar Card) জেরক্স কপি জমা দেওয়ার দিন শেষ হতে চলেছে। কেন্দ্রীয় সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা (UIDAI) এই বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে।
ইউআইডিএআই-এর সিইও ভুবনেশ্বর কুমার সম্প্রতি জানিয়েছেন, আধার কার্ডের ফটোকপি জমা নেওয়ার পুরনো পদ্ধতি পুরোপুরি বন্ধ করা হবে। এর পরিবর্তে একটি নতুন ডিজিটাল পরিকাঠামো তৈরি করা হয়েছে। এখন থেকে সমস্ত হোটেল এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে আধার ভিত্তিক ভেরিফিকেশনের জন্য একটি নির্দিষ্ট সিস্টেমে নিজেদের রেজিস্টার করাতে হবে। এই নথিভুক্তিকরণের পরই তারা আধারের নতুন ভেরিফিকেশন টেকনোলজি ব্যবহারের অনুমতি পাবে।
কেন এই পরিবর্তন?
এই নতুন নিয়মের মূল লক্ষ্য হলো যাচাইকরণ প্রক্রিয়াকে কাগজ থেকে সরিয়ে পুরোপুরি ডিজিটাল করে তোলা। দীর্ঘদিন ধরে আধারের জেরক্স কপি জমা দেওয়ার ফলে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার বা জালিয়াতির শিকার হচ্ছিলেন সাধারণ নাগরিকরা। এই সমস্যা রুখতেই এই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে, যা খুব দ্রুত কার্যকর হবে।
কীভাবে কাজ করবে নতুন নিরাপত্তা ব্যবস্থা?
ইউআইডিএআই-এর সিইও ভুবনেশ কুমার পিটিআইকে জানিয়েছেন, সংস্থাগুলো ইউআইডিএআই-এর অধীনে রেজিস্ট্রেশন করলে তারা একটি নতুন প্রযুক্তির অ্যাক্সেস পাবে। এর ফলে, তারা আধারের কিউআর কোড স্ক্যান করে ডিজিটালি পরিচয় যাচাইকরণ করতে পারবে। যারা অনলাইনে ভেরিফিকেশন করতে চান, তাদের জন্য একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) কি দেওয়া হবে।
এই পরিবর্তনের ফলে আধার কার্ডের তথ্যের অপব্যবহারের ঝুঁকি কমবে এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত থাকবে। আগামী ১৮ মাসের মধ্যে দেশের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রটেকশন অ্যাক্ট পুরোপুরি কার্যকর হওয়ার আগেই এই নতুন ব্যবস্থা চালু হতে চলেছে।
খুব তাড়াতাড়ি এই বিষয়ে বিস্তারিত নোটিফিকেশন জারি করা হবে। এখন থেকে যদি কেউ আপনার আধার কার্ডের জেরক্স কপি চান, তাহলে আপনি তাঁর কাছে ডিজিটালি আপনার আধার যাচাইয়ের দাবি জানাতে পারেন।