হাঁফ ছেড়ে বাঁচল পাথরপ্রতিমা! বাঘ ফিরেছে ধনচির জঙ্গলে, লোকালয়ে আর আতঙ্ক নেই—জানাল বনদফতর

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা এলাকায় বাঘের আতঙ্ক অবশেষে কমেছে। স্থানীয় লোকালয়ে ঢুকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগারটি ধনচি তথা ঢুলিভাসানীর জঙ্গলে ফিরে গিয়েছে বলে অনুমান করছে বনদফতর। এই খবর পাওয়ার পর খুশি স্থানীয় বাসিন্দারা। রামগঙ্গার রেঞ্জার শেখ কবীর হোসেন জানিয়েছেন, “বাঘ ধনচির জঙ্গলে ফিরে গিয়েছে। ফলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”
ব্যর্থ হলো ছাগলের টোপ, বাঘ বুদ্ধিমান:
যদিও বনদফতর এখনও সতর্ক অবস্থায় রয়েছে। বাঘটিকে ধরার জন্য সারারাত খাঁচা পেতে রেখেও এবার কাজে লাগেনি ছাগলের টোপ। বনকর্মীরা জানিয়েছেন, পাথরপ্রতিমার উপেন্দ্রনগরের লোকালয়ে ঢুকে পড়া এই বাঘটি খুবই বুদ্ধিমান। বেশ কয়েকদিন ধরে এটি বনকর্মীদের বোকা বানাচ্ছিল।
তবে হাল ছাড়েনি বনদফতর। বাঘটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে অভিজ্ঞ বনকর্মীদের নামানো হয়। পাশাপাশি, গ্রামবাসীদের সুরক্ষার জন্য প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে লোকালয়ের দিকে নাইলনের জাল দিয়ে একটি বিশাল বেষ্টনী তৈরি করা হয়।
মৎস্যজীবীরা ফিরছেন কাজে:
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঠাকুরান নদীর উল্টো দিকের ধনচি তথা ঢুলিভাসানীর জঙ্গল থেকে বাঘটি খাবারের সন্ধানে লোকালয় সংলগ্ন জঙ্গলে ঢুকে পড়েছিল। বাঘের ভয়ে এলাকার মৎস্যজীবীরা এতদিন জঙ্গলের খাঁড়ি ও নদীতে মাছ ধরতেও যেতে পারছিলেন না।
যখন বাঘের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল, তখন বাঘটি উত্তর দিক থেকে সোজা দক্ষিণ দিকে তমলুকপাড়ার কাছে চলে আসে। বর্তমানে বাঘটি খাঁচাবন্দি হয়নি এবং উল্টো দিকের জঙ্গলে ফিরে গিয়েছে বলে বনদফতরের অনুমান।
স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। বাঘের জন্য পাতা জাল এখনও রয়েছে এবং লোকালয় সংলগ্ন জঙ্গল জাল দিয়ে ঘেরা রয়েছে। আতঙ্ক কাটায় স্থানীয় বাসিন্দারা আবার স্বাভাবিক কাজকর্মে ফিরতে শুরু করেছেন।