সাসপেন্ডের বদলা! ‘দিদি’র সভা থেকে বেরিয়েই ফিরহাদকে তোপ, ২২ ডিসেম্বর ‘নতুন দল’ গড়ার হুঙ্কার তৃণমূল বিধায়কের!

দলবিরোধী কার্যকলাপের অভিযোগে সাসপেন্ড করা হলো তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা থেকে বেরিয়েই এই সাসপেনশনের খবর পান ভরতপুরের বিধায়ক। আর এই খবর প্রকাশ্যে আসতেই চরম বিস্ফোরক দাবি করলেন হুমায়ুন।
তিনি সরাসরি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে তোপ দেগেছেন এবং আগামী ২২ ডিসেম্বর একটি নতুন রাজনৈতিক দল গড়ার হুঁশিয়ারি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সভা শেষ হওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমাকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে। ফিরহাদ হাকিম বাংলার মানুষের কাছে প্রমাণ করে দেখাক যে আমি দলবিরোধী কাজ করেছি। আমি সমস্ত অভিযোগের উত্তর দিতে প্রস্তুত।”
হুমায়ুন কবীরের এই মন্তব্য রাজ্যের শাসক দলের অন্দরে বড় ধরনের জল্পনা তৈরি করেছে। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে তাঁর এই ‘বিদ্রোহী’ অবস্থান তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।