মাঝ আকাশে ‘বোমাতঙ্ক’! কুয়েত থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো ফ্লাইটের জরুরি অবতরণ মুম্বইয়ে, কেন এমন হল?

সোমবার ভোরে কুয়েত থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো বিমানে (ফ্লাইট নম্বর 6E-1234) মাঝ আকাশে বোমাতঙ্কের জেরে মুম্বইয়ে জরুরি অবতরণ করানো হয়েছে। হায়দরাবাদ বিমানবন্দরে ইমেল মারফত বোমা থাকার হুমকি পৌঁছতেই দ্রুত সতর্কতা জারি করে বিমানটিকে ঘুরিয়ে মুম্বই বিমানবন্দরে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সকল যাত্রী সুরক্ষিত রয়েছেন।

আইসোলেশন বে-তে বিমান ও তদন্ত:

অবতরণের সঙ্গে সঙ্গেই ফ্লাইটটিকে মুম্বই বিমানবন্দরের একটি পৃথক আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সিআইএসএফ (CISF), বম্ব স্কোয়াড এবং বিমানবন্দর কর্তৃপক্ষ যৌথভাবে পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় সিকিউরিটি প্রোটোকল অনুসরণ করা হয়েছে। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

ঠিক কী ধরনের হুমকি ইমেলে এসেছিল, তা বর্তমানে তদন্তাধীন। ইন্ডিগো এবং মুম্বই বিমানবন্দরের তরফে জানানো হয়েছে যে, যাত্রীরা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। নিরাপত্তা সংস্থাগুলির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিমানটি আইসোলেশন বে-তেই থাকবে।

কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্ত এবং নিরাপত্তাজনিত সতর্কতার ফলেই যাত্রীদের বড় কোনও বিপদের মুখে পড়তে হয়নি। এই মুহূর্তে হুমকির উৎস বা সত্যতা সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।