সোনার কন্যা অদিতি, অফিস সামলে ৪০ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা! থাইল্যান্ড থেকে ফিরেই দিলেন অনুপ্রেরণার বার্তা!

থাইল্যান্ডের পাটায়ায় অনুষ্ঠিত UWSFF ওয়ার্ল্ড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ সোনা জিতে কলকাতায় ফিরলেন বাংলার মেয়ে অদিতি নন্দী। এক বেসরকারি সংস্থায় উচ্চ পদে কর্মরত এই দৃঢ়প্রতিজ্ঞ যুবতী কর্মজীবনের দায়িত্ব সামলেও নিয়মিত অনুশীলন চালিয়ে প্রথমবার বিশ্ব প্রতিযোগিতায় মাস্টার্স ওয়ান বিভাগে এই স্বর্ণপদকটি ছিনিয়ে আনলেন। ৪০ বছর বয়সেও যে শারীরিক সক্ষমতা, শক্তি ও সাহসের পরিচয় তিনি দিয়েছেন, তা গোটা বিশ্বে প্রশংসিত।
দেশকে উৎসর্গ করলেন সোনা
দেশে ফেরার পর অদিতি নন্দী তাঁর এই সাফল্যকে গোটা জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। তিনি বলেন, “এই পদক শুধু আমার নয়, ভারতের। প্রতিদিন ভোর ও সন্ধেবেলা যে ঘাম ঝরিয়েছি, যত চ্যালেঞ্জের মোকাবিলা করেছি, সবকিছুই এই মুহূর্তের জন্যই ছিল। যখন পোডিয়ামে দাঁড়িয়েছিলাম, জাতীয় পতাকা সবার উপরে উত্তোলন হয়েছিল, সেই মুহূর্ত আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ছিল।” তিনি আশা প্রকাশ করেন, তাঁর এই সাফল্য দেখে আরও অনেক মেয়ে স্ট্রেংথ স্পোর্টসে যোগ দিতে অনুপ্রাণিত হবে।
কোচের চোখে চ্যাম্পিয়ন অদিতি
অদিতির কোচ জেসন মার্টিন তাঁর শিষ্যার সাফল্যে দারুণ গর্বিত। তিনি বলেন, “চরিত্রের সত্যিকারের দৃঢ়তা ঠিক কেমন হয়, তা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে অদিতি। ও কঠোর পরিশ্রম করে নিজের লক্ষ্যে অটল ছিল। ও সবচেয়ে বড় মঞ্চে চ্যাম্পিয়নের হৃদয় নিয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছে। এটি কেবল শুরু। ওর মধ্যে আরও অনেক খেতাব জেতার সম্ভাবনা আছে। ওর জন্য ভারতের অসম্ভব গর্বিত হওয়া উচিত।”
অদিতি জানিয়েছেন, এই সাফল্যেই তিনি থেমে থাকবেন না, ভবিষ্যতে আরও বড় খেতাব জেতাই তাঁর লক্ষ্য।