গুরুতর অসুস্থ খালেদা জিয়া: মোদির পাশে থাকার বার্তায় ভারতকে ধন্যবাদ জানাল বিএনপি!

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ এবং চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাল বিএনপি। সোমবার রাতে হঠাৎই খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে।
মোদি কী বার্তা দিয়েছিলেন?
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে হৃদ্রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস ও ফুসফুসে সংক্রমণ-সহ একাধিক জটিলতায় ভুগছেন। রবিবার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে লেখেন:
“বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশের জনজীবনে তাঁর বহু বছরের অবদান রেখেছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। ভারত সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।”
ভারতের সাহায্যের আশ্বাসে বিএনপির কৃতজ্ঞতা
প্রধানমন্ত্রীর এই বার্তা এবং সাহায্যের আশ্বাসে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে:
“এই সৌহার্দ্যপূর্ণ সহায়তা এবং বিএনপি নেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার প্রার্থনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে বিএনপি। শুভেচ্ছার এই বার্তা এবং সহায়তা প্রদানের জন্য প্রস্তুত থাকার অভিব্যক্তিকে বিএনপি গভীরভাবে প্রশংসা করে।”
ভারতের এই দ্রুত সাড়া দেওয়ায় দুই প্রতিবেশী দেশের মধ্যে সৌহার্দ্যের বার্তা আরও একবার শক্তিশালী হল