গুরুতর অসুস্থ খালেদা জিয়া! পাশে থাকার বার্তা মোদির, চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস ভারতের!

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে। ৮০ বছর বয়সী এই বর্ষীয়ান নেত্রীর অবস্থা বর্তমানে অত্যন্ত সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে তাঁর চিকিৎসার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর উদ্বেগ প্রকাশ করে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
হাসপাতালের আইসিইউতে খালেদা জিয়া
জানা গিয়েছে, গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরীক্ষার পর তাঁর ফুসফুসে সংক্রমণ, নিউমোনিয়া এবং কিডনিতে জটিলতা ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় রবিবার ভোরেই তাঁকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বিএনপির ভাইস-চেয়ারম্যান আহমেদ আজম খান জানিয়েছেন, দলনেত্রীর অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।
পাশে থাকার বার্তা দিলেন নরেন্দ্র মোদি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্যলাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। আমরা যেভাবে পারি, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত।”
মুহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের রাজনৈতিক মহলের অনেকেই খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে ভাবনা চলছে। উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য চার মাস লন্ডনে কাটিয়ে গত মে মাসেই তিনি দেশে ফিরেছিলেন। মায়ের গুরুতর অবস্থার কথা জেনে তাঁর ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানও দ্রুত দেশে ফিরছেন।