এসএসসি দুর্নীতির ‘দাগি’ শিক্ষকের সংখ্যা বেড়ে ৭,২৯৩! হাইকোর্টের নির্দেশে বুধবারের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের প্রস্তুতি

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় তথ্য সামনে এল। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি ইতিমধ্যেই নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি-এর মোট ৫ হাজার ৩১৮ জন ‘দাগি’ শিক্ষকের তালিকা প্রকাশ করেছে। এরপরেও ‘দাগি’ শিক্ষকরা কীভাবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন, তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়।
সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি চলাকালীন আদালত জানায়, এসএসসি পূর্বে সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে, ২০১৬ সালের প্যানেলে ৭ হাজার ২৯৩ জন ‘অযোগ্য’ প্রার্থী রয়েছেন। সেই তথ্যের ভিত্তিতেই বিচারপতি সিনহা এসএসসিকে নির্দেশ দেন, আগামী বুধবারের মধ্যে এই ৭ হাজার ২৯৩ জন ‘দাগি’ প্রার্থীর সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে।
কারা থাকছেন এই তালিকায়?
আদালত স্পষ্ট করে দিয়েছে যে, এই তালিকায় কেবল বর্তমানে কর্মরত ‘দাগি’রাই নন, ২০১৬ সালের প্যানেলে চাকরি না করা ‘অযোগ্য’ প্রার্থীরাও অন্তর্ভুক্ত থাকবেন। এসএসসিকে আউট অফ প্যানেল, র্যাঙ্ক জাম্প (Rank Jump) ও ওএমআর মিসম্যাচ (OMR Mismatch) সংক্রান্ত বিস্তারিত তথ্য সহ মোট ৭,২৯৩ জনের এই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। বিচারপতি অমৃতা সিনহার এই কড়া নির্দেশিকা এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।