দ্বিতীয়বার বিয়ে সারলেন সামান্থা রুথ প্রভু, পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে গোপন অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী!

দীর্ঘদিন ধরে চলতে থাকা জল্পনাতেই যেন সিলমোহর পড়ল। অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) দ্বিতীয়বার বিয়ে সেরে ফেললেন। পাত্র ‘দ্য ফ্যামিলি ম্যান’ (The Family Man) খ্যাত পরিচালক রাজ নিদিমোরু। যদিও এই বিষয়ে পাত্র-পাত্রী এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি, তবুও সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সোমবার সকালেই চার হাত এক হয়েছে রাজ এবং সামান্থার।
গোপন অনুষ্ঠান: এই পরিচালক ও অভিনেত্রী জুটি কোনো রকম আড়ম্বর ছাড়াই একেবারে ঘনিষ্ঠ বৃত্তে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সেরেছেন। অনুষ্ঠানে তাঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের মাত্র ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
বিয়ের স্থান: রিপোর্টটিতে বলা হয়েছে, বিয়েটি হয়েছে ইশা যোগা সেন্টারের ভেতরে অবস্থিত লিঙ্গ ভৈরবী মন্দিরে, খুব সকালে।
বিয়ের সাজ: ঘরোয়া পরিবেশে, ছিমছামভাবে বিয়ে সারেন সামান্থা। অভিনেত্রী নাকি বিয়ের দিনে লাল রঙের শাড়িতে সেজেছিলেন।
প্রেমের সূত্রপাত ‘ফ্যামিলি ম্যান’ থেকে
গত কয়েক মাস ধরেই রাজ নিদিমোরু এবং সামান্থার সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। পেশাগতভাবে তাঁদের সম্পর্কের শুরু হয় ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ (২০২১) সিরিজ থেকে। রাজ নিদিমোরু হলেন পরিচালক জুটি রাজ অ্যান্ড ডিকে-র একজন। এই সিরিজের পর তাঁরা আরও কয়েকটি সিরিজে একসঙ্গে কাজ করেছেন। সূত্রের খবর, একসঙ্গে কাজ করার ফলে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক দৃঢ় হয়, যা পরে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছিল।
প্রসঙ্গত, সামান্থা এর আগে দক্ষিণী অভিনেতা তথা নাগার্জুনের পুত্র নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন। বিয়ের চার বছর পর ২০২২ সালে তাঁদের ডিভোর্স হয়।