বিচ্ছেদের আগেই নতুন বিয়ে? হোটেলের মধ্যে হাতে-নাতে ধরা পড়লেন মধ্যপ্রদেশের পুলিশ কনস্টেবল!

প্রথম স্ত্রীর সঙ্গে আইনত বিচ্ছেদ হওয়ার আগেই দ্বিতীয় বিয়ে করার পরিকল্পনা নিয়েছিলেন মধ্যপ্রদেশের এক পুলিশ কনস্টেবল। তবে শেষ মুহূর্তে তাঁর যাবতীয় আয়োজনে জল ঢেলে দিল পুলিশই। প্রথম স্ত্রীর হস্তক্ষেপে ভেস্তে গেল কনস্টেবলের বহু প্রতীক্ষিত দ্বিতীয় বিয়ে।
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের আলওয়ারে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত কনস্টেবলের নাম জয় কিষান। জানা গিয়েছে, তিনি একটি হোটেলে পরিবারের কয়েকজনের উপস্থিতিতে গোপনে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
কিন্তু স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়ে যান তাঁর প্রথম স্ত্রী রীনা। সঙ্গে সঙ্গেই নিজের পরিবারের কয়েকজনকে নিয়ে ওই হোটেলে পৌঁছে যান তিনি। রীনার ভাই জানান, ২০১১ সালে জয় কিষানের সঙ্গে তাঁর দিদির বিয়ে হয়। তবে বিয়ের ৬ বছর পর ওই কনস্টেবল অন্য এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন। ওই ঘটনার পর থেকেই রীনা তাঁর বাপের বাড়িতে ফিরে যান।
বিয়ে আটকাতে রীনা ও তাঁর পরিবারের সদস্যদের হোটেলে পৌঁছানোর পর তুমুল গন্ডগোল শুরু হয়। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের পক্ষ থেকেই ওই কনস্টেবলের বিয়ের অনুষ্ঠানটি অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়।