আইপিএলে বড়সড় ওলটপালট! RCB-র পর এবার রাজস্থান রয়্যালসও বিক্রি হতে পারে, হর্ষ গোয়েঙ্কার দাবিতে তোলপাড়

২০২৬ সালের আইপিএল (IPL) শুরুর আগেই কি আরও একটি সফল দল বিক্রি হতে চলেছে? গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) তাদের বর্তমান কর্ণধাররা বিক্রি করে দেবে, এমন খবর আগেই সামনে এসেছিল। এবার আইপিএল-এর আরও এক সফল দল রাজস্থান রয়্যালসও (RR) বিক্রি হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

লখনউ সুপার জায়ান্টস-এর (LSG) কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার দাদা, বিশিষ্ট শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা স্বয়ং সমাজমাধ্যমে এই বিস্ফোরক দাবি করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আমি শুনলাম একটি নয়, আইপিএল-এর দুটি দল বিক্রি হতে চলেছে। আরসিবি এবং আরআর।”

তিনি আরও বলেন, এটা স্পষ্ট যে এই দলগুলির বাজারে যে বিপুল দর তৈরি হয়েছে, তাকেই কাজে লাগাতে চাইছেন মালিকরা। গোয়েঙ্কার অনুমান, দুটি দল কিনতেই অন্তত ৪ থেকে ৫ জন আগ্রহী ক্রেতার খোঁজ পাওয়া যাবে। তিনি প্রশ্ন তুলেছেন, সফল ক্রেতা কারা হবে—পুণে, আহমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু নাকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দল কেনা হবে?

আরসিবি বিক্রির প্রক্রিয়া শুরু আরসিবি-র বর্তমান মালিক সংস্থা দিয়াজিও গত ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল যে, তারা বেঙ্গালুরু দলটি বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। গত ১ অক্টোবর প্রথম শিল্পপতি আদর পুনাওয়ালা এক্স হ্যান্ডেলে পোস্ট করে বেঙ্গালুরু দলটি বিক্রি হবে বলে ইঙ্গিত দেন। পুনেওয়ালার পরিবার প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক।

‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র সিইও আদর পুনাওয়ালা, কামাথ এবং পাই-এর মিলিত একটি কনসোর্টিয়াম আরসিবি-র মালিকানা হাতে নেওয়ার জন্য দরপত্র জমা দিতে পারে। ২০২২ সালের ফোর্বস রিপোর্ট অনুযায়ী, তিন বছর আগে আরসিবি-র বাজারদর ছিল ১ বিলিয়ন ডলার। তবে গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর সেই দর অনেকটাই বাড়ার কথা।

রাজস্থান রয়্যালসের মালিকানা ২০২৪ সালের তথ্য অনুযায়ী, রাজস্থান রয়্যালস দলটির মালিকানার ৬৫ শতাংশ রয়েছে রয়্যাল স্পোর্টস গ্রুপ (এমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেড)। এ ছাড়াও লাচলান মুরডোচ এবং রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স-এর মতো অংশীদারদের হাতেও অল্প মালিকানা রয়েছে। এই পরিস্থিতিতে হর্ষ গোয়েঙ্কার দাবি আইপিএল-এর দলগুলোর মালিকানা নিয়ে এক নতুন বিতর্ক তৈরি করল।