জোড়া নিম্নচাপে বাড়ছে তাপমাত্রা! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের জন্য আরও অপেক্ষা, ডিসেম্বরের শুরুতেই ফিরছে উত্তুরে হাওয়া

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এবং জোড়া নিম্নচাপের কারণে বঙ্গে তাপমাত্রার পারদ ওঠানামা করছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় রোদের তাপে তা দ্রুত উধাও হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে কবে শীত চওড়া কামড় বসাবে এবং নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে কিনা—তা নিয়ে উৎকণ্ঠায় রাজ্যবাসী।

আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ও নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব আপাতত এ রাজ্যে পড়বে না। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে শুক্রবার থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শীতের জন্য অপেক্ষা ও কুয়াশার দাপট আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গবাসীকে জাঁকিয়ে শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। দিনের বেলা আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে বিকেল ও সন্ধ্যার দিকে কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে। তাপমাত্রা বাড়ার পাশাপাশি কুয়াশার দাপটও বাড়বে। ভোরের দিকে কুয়াশার প্রভাব দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মূলত উপকূলের জেলাগুলিতে কুয়াশা ভোগাবে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের শুরুতেই উত্তর–পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়ার দাপট বাড়বে এবং তার ফলে তাপমাত্রা নামবে। অনুমান করা হচ্ছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীতের আমেজ বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলাতে সকালের দিকে কুয়াশার প্রাধান্য লক্ষ্য করা যাবে। সপ্তাহান্তে এই অঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়বে, যা শুক্রবার থেকে পরবর্তী তিন-চার দিনে আরও বাড়তে পারে।