তদন্ত কমিটি গড়লেন রাজ্যপাল, মৃত বিধায়কের ‘দীর্ঘায়ু’ কামনা করে বিতর্কের মুখে রাজভবন!

রাজভবন থেকে পাঠানো একটি ‘ভুল’ চিঠিকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র বিতর্কের জেরে এবার নড়েচড়ে বসলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কীভাবে এমন গুরুতর গাফিলতি ঘটল, তা খতিয়ে দেখতে একজন অবসরপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছেন তিনি।

বিতর্কের সূত্রপাত রাজ্যপালের তিন বছরের কার্যকাল পূর্তি উপলক্ষে। এই উপলক্ষে রাজভবন থেকে রাজ্যের সব মন্ত্রী ও বিধায়ককে শুভেচ্ছাবার্তা পাঠানো হয়। কিন্তু সেখানেই ঘটে মারাত্মক ভুল! রাজভবনের পাঠানো চিঠিতে ভুলবশত (তেহট্টের) প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহার ‘দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য’ কামনা করে শুভেচ্ছা জানানো হয়। গত ১৫ মে প্রয়াত হওয়া একজন বিধায়কের নামে এমন চিঠি যাওয়ায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ও বিতর্কের সৃষ্টি হয়।

রাজ্যপাল হিসেবে সি ভি আনন্দ বোসের তিন বছর পূর্তি উপলক্ষে গত রবিবার রাজভবনে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। এই ঘটনার পর রাজভবনের দায়িত্ব ও অভ্যন্তরীণ নজরদারির মান নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। কেবল তাপস সাহা নন, আরও জানা গেছে, বিধায়ক পদ খারিজ হওয়া মুকুল রায়ের নামেও রাজভবন থেকে শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছে।

এই বিশাল ভুল যাচাই-বাছাই ছাড়াই কীভাবে বাইরে এল, সেই প্রশ্ন তুলে রাজ্যপাল দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, তদন্ত কমিটি খুব শীঘ্রই তাদের কাজ শুরু করবে এবং ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্যপালের কাছে জমা দেবে।