পরিবারকে না জানিয়ে অডিশন, ইন্ডাস্ট্রি তে টিকে থাকতে শিখেছেন লাইটিং-এডিটিং… টলিউডে পা বাঁকুড়ার ছেলের!

সুদূর বাঁকুড়ার ছাতনা থেকে টলিউডের ঝলমলে দুনিয়ায় পা রেখেছেন ঋষভ সরকার। শহরের এক তরুণ এখন কলকাতার একটি শক্তিশালী গ্যাংস্টার-থ্রিলার ছবিতে অভিনয় করছেন, যার নাম ‘আগুন’। তবে গ্ল্যামারের এই সফর সহজ ছিল না। অডিশন দিতে এসে হাওড়া স্টেশনে রাত কাটাতে হয়েছে তাঁকে, আর এই কঠিন অধ্যায়ই আজকের সাফল্যের ভিত্তি।

পরিবারকে কিছু না জানিয়েই ঋষভ পাড়ি দেন কলকাতায়। বড় বড় স্টুডিওতে কাজের খোঁজে ঘুরে ঘুরে একসময় চটি ক্ষয়ে যায়। এই ইন্ডাস্ট্রিতে শুধু অভিনেতা হিসেবে টিকে থাকা কঠিন বুঝে লাইটিং, এডিটিং, ক্যামেরার মতো সিনেমা তৈরির সবরকম কারিগরি দিকও শেখেন তিনি। মূলত একটি ইউটিউব চ্যানেল পরিচালনার মাধ্যমেই শুরু হয়েছিল তাঁর পথচলা। এরপর বন্ধুদের নিয়ে একটি শর্ট ফিল্মও বানান। কিন্তু বন্ধুরা পেশার কারণে বাইরে চলে গেলে, বাধ্য হয়েই তিনি অভিনয়ে ভাগ্য পরীক্ষার জন্য শহরে আসেন।

রাহুল সাহা পরিচালিত নতুন ছবি ‘আগুন’-এ ঋষভ একটি গুরুত্বপূর্ণ গ্রে-শেড চরিত্রে অভিনয় করছেন, যা পুরোপুরি নায়ক বা খলনায়কের বাঁধাধরা ছকের বাইরে। ছবিটি তৈরি হয়েছে দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়ার ‘ডন মাফিয়া’ কালচারকে কেন্দ্র করে, যা বাংলা ছবিতে বর্তমানে বিরল এক শক্তিশালী গল্প।

নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে ঋষভ সরকার বলেন, “আগুন একটি নিছক সিনেমা নয়, এটি বাঁকুড়া, পুরুলিয়ার মতো আঞ্চলিক এলাকা থেকে উঠে আসা প্রতিভাগুলোর জন্য অনুপ্রেরণা। রানা মিত্র এবং জয় বদলানির মতো দক্ষ অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে আমি গর্বিত। আপনাদের সবার কাছে অনুরোধ, ‘আগুন’ অবশ্যই দেখুন এবং আমাদের সমর্থন করুন।” এই ছবিটি আঞ্চলিক প্রতিভার টলিউড যাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে চলেছে।