সাংহাই বিমানবন্দরে ভারতীয় তরুণীকে আটকে রাখা চিনের স্বেচ্ছাচারিতা, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছিন্ন অংশ, কড়া জবাব বিদেশ মন্ত্রকের

অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে চিনের সাংহাই বিমানবন্দরে এক ভারতীয় তরুণীকে ১৮ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখার ঘটনাকে ‘চিনের স্বেচ্ছাচারিতা’ বলে তীব্র নিন্দা জানাল ভারতের বিদেশ মন্ত্রক। কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের অখণ্ড ও অবিচ্ছিন্ন অংশ এবং বেজিং কর্তৃপক্ষ এই আটকের পক্ষে কোনো যথাযথ কারণ দেখাতে পারেনি।
অরুণাচলের নামে পাসপোর্ট ‘অবৈধ’ ঘোষণা
ব্রিটেনের বাসিন্দা ভারতীয় নাগরিক পেমা ওয়াংজম থংডক, যাঁর পরিবারের সদস্যরা এখনও অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার রুপা অঞ্চলে থাকেন, গত ২১ নভেম্বর সাংহাই বিমানবন্দর হয়ে জাপান যাচ্ছিলেন। পেমার অভিযোগ, বিমানবন্দরে অভিবাসন ও বিমান কর্তৃপক্ষ তাঁকে আটক করে। তাঁর পাসপোর্টে জন্মস্থানের জায়গায় ‘অরুণাচল প্রদেশ’ লেখা দেখেই আধিকারিকরা পাসপোর্টটিকে ‘অবৈধ’ ঘোষণা করেন এবং দাবি করেন এটি ভারতীয় নয়। তাঁদের যুক্তি ছিল, অরুণাচল প্রদেশ চিনের এলাকা, ভারতের নয়।
পেমার অভিযোগ, আধিকারিকরা তাঁকে কেন আটকে রাখা হচ্ছে, তার নির্দিষ্ট কারণ জানাননি। উল্টে তাঁরা বিদ্রুপ করতে শুরু করেন এবং হাসাহাসি করে বলেন, “আপনি চিনের নাগরিক, ভারতীয় নন। চিনের পাসপোর্টের জন্য আবেদন জানান।” তিন ঘণ্টায় গন্তব্যে পৌঁছনোর কথা থাকলেও ১৮ ঘণ্টা তাঁকে আটকে রাখা হয়।
ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপে মুক্তি
এই চূড়ান্ত অপমানজনক অবস্থায় পেমা সাংহাই ও বেজিংয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর কথায়, এক ঘণ্টার মধ্যে ভারতীয় আধিকারিকরা বিমানবন্দরে এসে পৌঁছন। তাঁরা খাবার নিয়ে আসেন এবং তাঁদের সঙ্গে কথা বলার পর সমস্যার সমাধান হয়। পেমা চিন ছেড়ে চলে যান। এই ‘দুঃস্বপ্নের ১৮ ঘণ্টা’ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তিনি।
ভারতের কড়া বার্তা: ‘সত্য তর্কাতীত, কখনও বদলাবে না’
যদিও চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং এই ঘটনা অস্বীকার করে অরুণাচল প্রদেশকে ‘জাংনান’ এবং চিনের এলাকা বলে দাবি করেছিলেন।
এর পাল্টা মঙ্গলবার রাতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে স্পষ্ট জানান, “অরুণাচল প্রদেশের ভারতীয় নাগরিককে আটকে রাখা নিয়ে চিনের বিদেশ মন্ত্রকের বিবৃতি আমরা দেখেছি। এই আটক চিনের স্বেচ্ছাচারিতা।”
তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, “অরুণাচল প্রদেশ ভারতের অখণ্ড ও অবিচ্ছিন্ন অংশ। এই তথ্য নিজেই নিজের প্রমাণ। চিন এটা যতই অস্বীকার করুক, এই সত্য তর্কাতীত এবং কখনও বদলাবে না।”
বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে যে, চিনের কর্তৃপক্ষ আন্তর্জাতিক বিমান উড়ানের বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘন করেছে। চিনের নিয়ম অনুযায়ী, যেকোনো দেশের নাগরিক ২৪ ঘণ্টা পর্যন্ত ভিসা ছাড়া বিমানবন্দরে যাতায়াত করতে পারে। কিন্তু তারা নিজেদের সেই নিয়মও ভঙ্গ করেছে। এই আটকের বিষয়টি নিয়ে চিনের সঙ্গে কড়া আলোচনা চলছে বলেও জানানো হয়েছে।
বিশেষজ্ঞ মহল মনে করছে, ভারত-চিন সীমান্তে সামগ্রিক শান্তির অঙ্গীকার সত্ত্বেও অরুণাচল সীমান্তে চিনের আগ্রাসন এখনও যে কমেনি, এই ঘটনা তারই প্রমাণ।