মধ্যবিত্তের নাগালে ফের স্বাস্থ্য বিমা? আকাশছোঁয়া প্রিমিয়াম কমাতে অবশেষে নড়েচড়ে বসল কেন্দ্র, কী পদক্ষেপ নিতে চলেছে IRDAI?

দেশের মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাওয়া স্বাস্থ্য বিমার প্রিমিয়াম নিয়ে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। একদিকে স্বাস্থ্য খাতে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং অন্যদিকে প্রিমিয়ামের উচ্চ হারের কারণে অনেকেই স্বাস্থ্য বিমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই পরিস্থিতিতে, প্রিমিয়ামের উচ্চ হার এবং বিমা সংক্রান্ত একাধিক ক্ষেত্রে হস্তক্ষেপ করতে চলেছে কেন্দ্র।
ইতিমধ্যেই এই গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের বিমা নিয়ন্ত্রক সংস্থা Insurance Regulatory and Development Authority of India (IRDAI)-এর সঙ্গে কেন্দ্রীয় সরকার বৈঠক করেছে। Aon-এর একটি রিপোর্ট অনুযায়ী, আগামী বছর ভারতে স্বাস্থ্য খাতে মুদ্রাস্ফীতির হার দাঁড়াবে ১১.৫ শতাংশে, যা বিশ্বব্যাপী ৯.৮ শতাংশের হারের তুলনায় অনেকটাই বেশি।
বিশেষজ্ঞদের মতে, ভারতে স্বাস্থ্য খাতে এই উচ্চ মুদ্রাস্ফীতির প্রভাব সরাসরি বিমার প্রিমিয়ামের উপর পড়ছে। ফলে, যে মধ্যবিত্তদের কথা মাথায় রেখে মূলত স্বাস্থ্য বিমা চালু হয়েছিল, সেই মধ্যবিত্তরাই আজ উচ্চ প্রিমিয়ামের কারণে বিমা করাতে পারছেন না।
কেন্দ্রীয় সরকারের এই হস্তক্ষেপের মূল লক্ষ্য হলো, প্রিমিয়ামের খরচ নিয়ন্ত্রণ করা এবং বিমা সংক্রান্ত প্রক্রিয়াগুলিকে মধ্যবিত্তদের জন্য আরও সহজলভ্য করে তোলা। মনে করা হচ্ছে, এই আলোচনার মাধ্যমে IRDAI খুব শীঘ্রই স্বাস্থ্য বিমার প্রিমিয়াম নির্ধারণ এবং অন্যান্য নীতিমালায় পরিবর্তন আনতে পারে, যাতে দেশের বৃহত্তর জনগোষ্ঠী স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসতে পারে।