‘অ এ অজগর’ নয়, মানুষ তেড়ে গেল অজগরের দিকে! মাঠে তাড়া খেয়ে তরতরিয়ে গাছে উঠল বিশালাকার রক পাইথন

এতদিন আমরা জানতাম ‘অ এ অজগর আসছে তেড়ে’, কিন্তু বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের জামগাড়ী গ্রামে ঘটল ঠিক উল্টো ঘটনা। বিরাট আকারের অজগর (রক পাইথন) প্রথমে মাঠে থাকলেও, তাড়া খেয়ে তরতরিয়ে উঠল গাছে।
বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের জামগাড়ী গ্রামে ফের উদ্ধার হল এই বিশালাকার রক পাইথন।
ঘটনার বিবরণ:
গ্রামের সংলগ্ন একটি ফাঁকা মাঠে সাপটিকে প্রথম দেখতে পান এক স্থানীয় বাসিন্দা। তিনি সাপটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি দ্রুত পার্শ্ববর্তী একটি বেলগাছে উঠে আশ্রয় নেয়।
অজগরটিকে গাছে উঠতে দেখে গ্রামের মানুষের মধ্যে হই হই কাণ্ড শুরু হয়ে যায়। গ্রামবাসীরা দীর্ঘক্ষণ ধরে নানা উপায়ে সাপটিকে নিচে নামাতে চেষ্টা করেও ব্যর্থ হন। সাপটিকে নিচে নামানো সম্ভব না হওয়ায় একসময় গ্রামবাসীদের মধ্যে আতঙ্কও ছড়াতে শুরু করে।
পরে ঘটনাটি গঙ্গাজলঘাটি রেঞ্জ অফিসে জানানো হলে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। বনকর্মীরা দীর্ঘ আপ্রাণ প্রচেষ্টার পর যথাযথ পদ্ধতিতে সাপটিকে গাছ থেকে নামিয়ে উদ্ধার করেন। অজগরটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে।