রবার্ট বঢরার বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি! লন্ডন সম্পত্তি কেনাবেচা ও অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারির সঙ্গে লেনদেনের অভিযোগ

কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী, ব্যবসায়ী রবার্ট বঢরার বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অভিযোগ— ব্রিটেন-নির্ভর অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারির সঙ্গে আর্থিক লেনদেন এবং লন্ডনের বেনামি সম্পত্তি কেনাবেচার। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই চার্জশিট দাখিল করা হয়েছে এবং আগামী ৬ ডিসেম্বর এই বিষয়ে শুনানি হবে।
এর আগে, কেন্দ্রীয় সংস্থাটি এ বছর জুলাইয়ে প্রায় পাঁচ ঘণ্টা ধরে রবার্ট বঢরাকে জেরা করেছিল।
লন্ডনের দু’টি সম্পত্তি কেন্দ্রবিন্দুতে:
ইডির অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে লন্ডনের দু’টি দামী সম্পত্তি: ১৯, ব্রায়ানস্টন স্কোয়ার (19, Bryanston Square) এবং গ্রোজভেনর হিল কোর্ট (Grosvenor Hill Court)।
সংস্থার দাবি, এই বাড়িগুলোর প্রকৃত মালিক সঞ্জয় ভান্ডারি হলেও এর আর্থিক যোগসূত্র ছিল বঢরার সঙ্গে।
ইডির অভিযোগ, ২০০৯ সালে ব্রায়ানস্টন স্কোয়ারের সম্পত্তি ভান্ডারি কিনলেও টাকা এসেছিল বঢরার মাধ্যমে। তাঁর নির্দেশেই বাড়ির সংস্কার হয়েছিল এবং লন্ডন সফরে ওই বাড়িতেই বহুবার উঠেছিলেন তিনি।
ইডির দাবি, ই-মেল আদান-প্রদানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে ১.৯ মিলিয়ন পাউন্ড দামের ব্রায়ানস্টন স্কোয়ার সম্পত্তি কেনা, সংস্কার ও লেনদেন— সবেতেই বঢরা ও তাঁর সহকারী মনোজ অরোরার যোগ ছিল। ইডি-র ভাষ্য, সম্পত্তিটি বঢরাই “beneficially controlled” করতেন।
এই সম্পত্তিগুলিকেই মানি লন্ডারিং (PMLA) আইনের আওতায় ‘proceeds of crime’ বা ‘অপরাধের ফল’ বলে দেখছে ইডি।
তদন্তের সূত্রপাত:
২০১৬ সালে আয়কর দফতরের চিঠি থেকেই এই তদন্ত শুরু হয়। পরে ভান্ডারির অফিসে আয়কর হানার সময় উদ্ধার হওয়া ডিজিটাল ডেটা থেকেই মামলার মোড় ঘোরে। ইডি এনআরআই ব্যবসায়ী সি সি থাম্পির ভূমিকাও খতিয়ে দেখছে, কারণ দুবাই-ভিত্তিক একটি সংস্থার মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে থাম্পির নাম উঠে এসেছিল।
তবে রবার্ট বঢরার দাবি, বর্তমান সরকার “রাজনৈতিক চাপে হয়রানি” করার জন্যই তাঁকে নিশানা করছে। উল্লেখ্য, এই বছর জুলাইয়েই গুরগাঁও জমি-দুর্নীতি মামলায় বঢরা-সহ ১২ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল ইডি।