ফেনসিডিল পাচারে বড় চক্রের হাত? ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন, তদন্তে সুতি থানার পুলিশ

জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার হলো। বুধবার গভীর রাতে বিশেষ নাকা চেকিংয়ের সময় পুলিশ ১,১৯২ পিস নিষিদ্ধ কফ সিরাপ ‘ফেনসিডিল’ সহ এক যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম হাকিম শেখ, এবং তাঁর বাড়ি মালদহ জেলার কালিয়াচক থানার যদুপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাকিম শেখ এই পাচারচক্রের একজন সক্রিয় সদস্য। সে সীমান্তবর্তী অঞ্চল থেকে নিষিদ্ধ কফ সিরাপ সংগ্রহ করে রাজ্যের বিভিন্ন জেলায় সরবরাহ করত।

উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।

তদন্তে বড় চক্রের হদিশ?

এত বড় পরিমাণ বেআইনি মাদক কীভাবে এই এলাকায় প্রবেশ করল, এর সঙ্গে আর কারা জড়িত এবং এর পিছনে কোনো বড় চক্র রয়েছে কি না—তা খতিয়ে দেখছে সুতি থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচার রুট এবং অন্যান্য সহযোগীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার ধৃত হাকিম শেখকে আদালতে পেশ করা হলে তদন্তকারী অফিসার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানান।