SIR কী? ভোটার তথ্য যাচাইয়ে ৮০,০০০ BLO মাঠে, ৪ ডিসেম্বরের মধ্যেই কী করতে হবে?

পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা আপডেট করার জন্য ‘স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের প্রায় ৮০,০০০-এর বেশি বুথ লেভেল আধিকারিক (BLO) আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই এবং আপডেট করার কাজ করছেন। এই কাজে ভোটারদের সাহায্য করার জন্য রাজ্য জুড়ে মোট ৬৫৯টি হেল্পডেস্কও স্থাপন করা হয়েছে।

ভারতীয় নির্বাচন কমিশন নয়টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় পর্যায় শুরু করেছে, যার আওতায় প্রায় ৫১ কোটি ভোটার রয়েছেন। পশ্চিমবঙ্গ ছাড়াও এই পর্যায়ে রয়েছে ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি।

কবে আসছে খসড়া তালিকা?

ডিসেম্বরের ৯ তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এরপর সেই তালিকা সংশোধনের কাজ শুরু হবে। আগামী ৯ ডিসেম্বর থেকে পরের বছর ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে ‘হিয়ারিং’ ও ‘ভেরিফিকেশন’-এর কাজ। এই হিয়ারিং-এর জন্যই কমিশন বেশ কিছু ভোটারকে ডেকে পাঠাতে পারে।

কমিশন কাদের হিয়ারিং-এ ডাকতে পারে?

নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বিভিন্ন কারণে নির্দিষ্ট ভোটারদের হিয়ারিং বা শুনানির জন্য ডাকা হতে পারে। মূল কারণগুলি হল:

নতুন নাম সংযোজন: ২০০২ সালের তালিকায় যাঁদের নাম নেই এবং তাঁরা নতুন করে তথ্য জমা দিচ্ছেন, ইলেক্টরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO)-এর সন্দেহ হলে তাঁদের ডেকে পাঠাতে পারেন।

পরিবারের কারও নাম না থাকা: যদি কোনো আবেদনকারীর ২০০২ সালের তালিকায় নিজের বা পরিবারের কারও নামই না থাকে, সেক্ষেত্রে কমিশন বৈধ নথির প্রমাণ দেখতে চাবে।

তথ্যের গরমিল: কোনও বৈধ ভোটার ভুল তথ্য জমা দিলে এবং সেই তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথির মিল না হলে, সেই ব্যক্তিকে হিয়ারিং-এ ডাকা হতে পারে।

ফর্ম পূরণে ভুল: ফর্ম পূরণের সময় যদি কোনও গোলমাল থাকে এবং বিএলও বা কমিশন তথ্য বুঝতে না পারে, তাহলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে হিয়ারিং-এর জন্য ডাকা হবে।

সুতরাং, যেখানেই কোনও ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে, সেখানেই হিয়ারিং-এর জন্য ডাকা হতে পারে। এই শুনানিতে আধার কার্ড ছাড়া বাকি ১১টি বৈধ নথির মধ্যে যে কোনও একটি নথি দেখাতে পারলেই SIR-এর চূড়ান্ত তালিকায় সেই ব্যক্তির নাম উঠে যাবে।