সুখবর! ‘আগামীকাল থেকেই শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া’, TET উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের জন্য বড় বার্তা শিক্ষামন্ত্রীর

রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ (WB Primary Teacher Recruitment) নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার রাতে তিনি নিজের এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, TET উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বুধবার অর্থাৎ ‘আগামীকাল থেকে তাঁদের অনলাইন পোর্টাল উন্মুক্ত করতে চলেছে’।
শিক্ষামন্ত্রীর ঘোষণা: ব্রাত্য বসুর পোস্ট অনুযায়ী, এই অনলাইন পোর্টালে TET উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা রাজ্যের সরকার অনুমোদিত ও সরকার পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক পদে আবেদন জানাতে সক্ষম হবেন।
শিক্ষামন্ত্রী তাঁর পোস্টে এই নিয়োগ প্রক্রিয়াকে রাজ্যের শিক্ষাব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, “রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজ্ঞা, পথনির্দেশ ও সদর্থক অবিভাবকত্বে, এই নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষার ভিতকে, আরও সুদৃঢ় করতে চলেছে-একথা বলাইবাহুল্য।”
যোগ্য প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ, যা রাজ্যে প্রাথমিক স্তরের শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।