ছেলের পাত্রী দেখতে গিয়ে অপহরণ, অশ্লীল ছবি তুলে মুক্তিপণের দাবি! বর্ধমানে ধৃত ১, রাইস মিল মালিকের অভিযোগ

ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়াই কাল হলো এক রাইস মিল মালিকের। পাত্রী দেখানোর নাম করে ডেকে এনে তাঁকে অপহরণ করা হয় এবং মুক্তিপণ (Ransom) আদায়ের জন্য জোর করে এক মহিলার সঙ্গে অশ্লীল ছবি তুলতেও বাধ্য করে অপহরণকারীরা বলে অভিযোগ।
জানা গেছে, মঙ্গলকোটের বাসিন্দা প্রাণগোপাল মণ্ডল তাঁর মেমারির ছোট পলাশনে থাকা রাইস মিলের মালিক। বেশ কয়েক মাস ধরে তিনি ছেলের জন্য পাত্রী খুঁজছিলেন। এই সূত্রেই বর্ধমানের একটি ডাক্তারখানায় এক মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই মহিলা তাঁকে সুপাত্রীর সন্ধান দেওয়ার আশ্বাস দেন এবং পাত্রী দেখতে যাওয়ার জন্য অনুরোধ করেন।
অস্ত্র দেখিয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি: এর কিছুদিন পর পাত্রীর বাবা পরিচয় দিয়ে এক ব্যক্তি প্রাণগোপাল মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেন এবং পাত্রী দেখতে আসার জন্য অনুরোধ করেন। সেই মতো ২৭ আগস্ট প্রাণগোপালবাবু তাঁর ড্রাইভারকে নিয়ে পাত্রী দেখতে যান। মাঝপথে অপর এক পরিচিত ব্যক্তি ফোন করে ধান্দলসা পেট্রোল পাম্পের কাছে দাঁড়াতে বলেন। সেখানেই বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁদের গাড়ি ঘিরে ধরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ী ও তাঁর ড্রাইভারকে অপহরণ করে এরুয়ার এলাকায় নিয়ে যায়।
এরুয়ার এলাকার একটি নির্জন স্থানে মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণগোপাল মণ্ডলের পরণে থাকা সোনার গহনা ছিনতাই করে অপহরণকারীরা ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে না পারায় তাঁকে মারধর করে ভাতারের বামশোড় এলাকার একটি বাড়িতে আটকে রাখা হয়।
অশ্লীল ছবি তুলে হুমকি: সবচেয়ে জঘন্য অভিযোগ হলো, দাবি মতো টাকা না পেয়ে অপহরণকারীরা প্রাণগোপাল মণ্ডলের সঙ্গে এক মহিলার জোর করে অশ্লীল ছবি তোলে। টাকা না দিলে সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে স্ট্যাম্প পেপারে সই করিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ। পরের দিন সকালে ব্যবসায়ী ও তাঁর ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয়।
প্রাণগোপাল মণ্ডলের অভিযোগ, এরপর থেকেই তাঁকে ফোন করে প্রতিনিয়ত টাকা চেয়ে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার ও প্রাণনাশের হুমকি দেওয়া হতে থাকে। ভয়ে তিনি অপহরণকারীদের ৫০ হাজার টাকাও দিয়েছিলেন। কিন্তু হুমকি না থামায় তিনি গত ২৮ অক্টোবর ভাতার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ভাতার থানার পুলিশ ভাতার বামশোড় এলাকা থেকে অভিযুক্ত জিয়ারুল শেখকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করেছে। বাকি অপহরণকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।