অবশেষে স্বভূমে ফিরছে বার্সেলোনা! দীর্ঘ ২ বছর পর সংস্কার হওয়া ন্যু ক্যাম্পে ফিরছে লা লিগা, গ্যালারিতে প্রবেশাধিকার ৪৫ হাজার দর্শককে

দীর্ঘ দু’বছরের বিরতির পর অবশেষে বার্সেলোনা তাদের হোম গ্রাউন্ড ন্যু ক্যাম্পে ফিরছে। শনিবার, অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে তাদের হোম ম্যাচ দিয়ে স্টেডিয়ামটি আংশিকভাবে পুনরায় চালু হচ্ছে। এই ম্যাচে গ্যালারিতে ৪৫,৪০১ জন দর্শককে প্রবেশ করতে দেওয়া হবে। তবে, নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হলে এই স্টেডিয়ামে মোট এক লক্ষ পাঁচ হাজার দর্শক প্রবেশ করতে পারবেন। এই বিশাল সংস্কার কাজের কারণেই গত দুটি মরশুমে বার্সা ন্যু ক্যাম্পে খেলেনি।

২০৩০ বিশ্বকাপের ফাইনাল ন্যু ক্যাম্পে

১৯৫৭ সালের ২৪ সেপ্টেম্বর নির্মিত ন্যু ক্যাম্প স্টেডিয়ামটির সংস্কারের জন্য ২০২৩ সালে বন্ধ করা হয়। ২০২৩ সালের মে মাসে, বার্সেলোনা ন্যু ক্যাম্পে শেষ হোম ম্যাচটি খেলেছিল। স্টেডিয়ামটির নির্মাণ খরচ মোট ১৫ হাজার কোটি টাকা। গ্যালারির তৃতীয় স্তর, ভিআইপি রিং এবং ছাদের সংস্কার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্পেন, পর্তুগাল এবং মরক্কো যৌথভাবে আগামী ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজন করবে। আশা করা হচ্ছে যে, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হবে।

ন্যু ক্যাম্পে মেসি, আবেগাপ্লুত কিংবদন্তি

সম্প্রতি বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি বার্সেলোনা সফরে যান। গত ২০২১ সালে ক্লাব ছাড়ার পর এই প্রথম মেসি ন্যু ক্যাম্পে এলেন। মূলত, স্প্যানিশ ক্লাবের সংস্কার করা ন্যু ক্যাম্প স্টেডিয়াম দেখতেই মেসি সেখানে যান।

মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর মেসি বার্সেলোনায় এসে স্টেডিয়ামের ভিতর এবং বাইরে থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেখানে তিনি লেখেন:

“আমার আত্মা ও হৃদয়ের স্পন্দনের মাটিতে ফিরে এসেছি।”

তিনি আরও লেখেন:

“এই জায়গাটিতে আমি খুব খুশি ছিলাম। এই জায়গাটি আমাকে হাজার গুণ বেশি বিশ্বের সবচেয়ে সুখী ব্যক্তি হিসেবে অনুভব করিয়েছে। আশা করি, একজন খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে একদিন এখানে ফিরে আসতে পারব।”