‘মাকড়সার জালের মতো তারের জট আর থাকবে না!’ এজরা স্ট্রিট অগ্নিকাণ্ডের পর মেয়রের মাস্টারপ্ল্যান, বসানো হবে ডাক্ট,

মেছুয়া ফলপট্টি এবং এজরা স্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শহরের নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সোমবার কলকাতা কর্পোরেশনের কনফারেন্স রুমে পুলিশ, দমকল, সিইএসসি এবং ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর তিনি এই ঘোষণা করেন।

মেয়র ফিরহাদ হাকিম জানান, এজরা স্ট্রিট এলাকার প্রধান সমস্যা—মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা বৈদ্যুতিক তারের জট আর থাকবে না। তারের জট দূর করতে গোটা এলাকায় ডাক্ট বসানো হবে, এমনকি সিইএসসি মাটির নীচ দিয়েও তার নিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। এই পদক্ষেপের ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমবে এবং জরুরি পরিস্থিতিতে দমকলের পৌঁছনো সহজ হবে।

বৈঠকে হকারদের নির্দিষ্ট নিয়ম মেনে বসানো এবং ফুটপাত ও রাস্তা গ্রাস করা বেআইনি পার্কিংয়ে লাগাম টানার বিষয়েও জোর দেওয়া হয়। এছাড়াও, মেয়র ধর্মীয় স্থানকে কেন্দ্র করে রাস্তায় গজিয়ে ওঠা অবৈধ দোকানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি কলকাতা কর্পোরেশন ও পুলিশের আধিকারিকদের কাছ থেকে এই দোকানগুলির ‘স্ট্যাটাস’ জানতে চেয়েছেন।

মেয়র আরও নির্দেশ দিয়েছেন যে ফায়ার অডিট এবং দমকল বিভাগের অভিযান নজরদারির ওপর জোর দিতে হবে। সারপ্রাইজ ভিজিট করে দেখা হবে যে বাণিজ্যিক বহুতলগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কি না, আর থাকলেও তা সচল আছে কি না। বিধ্বংসী আগুনে ১২ তলা বহুতল পুড়ে যাওয়ার পর এই সিদ্ধান্তগুলি শহরের বাণিজ্যিক এলাকাগুলির নিরাপত্তা নিয়ে এক নতুন বার্তা দিল।