রাজভবনে CRPF-ডগ স্কোয়াড নিয়ে চরম নাটক! ‘সাজানো তল্লাশি, অস্ত্র সরালেন না তার কী গ্যারান্টি?’ রাজ্যপালকে ধুয়ে দিলেন কুণাল ঘোষ

রাজভবনে বম্ব ও ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি অভিযান নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কড়া সমালোচনা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ‘রাজভবন থেকে বিজেপিকে অস্ত্র পাচার’-এর অভিযোগের পর রাজ্যপাল এই তল্লাশির ব্যবস্থা করেন এবং হুঁশিয়ারি দেন যে অস্ত্র না মিললে কল্যাণের বিরুদ্ধে এফআইআর করা হবে। এই পদক্ষেপের প্রেক্ষিতেই কুণাল বলেন, “কল্যাণদাকে এফআইআর-এর ভয় দেখিয়ে বিপদ ডাকছেন। উনি তাহলে এখন কল্যাণদাকে চেনেন না।” তবে কিসের বিপদ, তা তিনি খোলসা করেননি।

কুণাল এই তল্লাশিকে ‘প্যানিক রি-অ্যাকশন’ এবং একপ্রকার ‘সাজানো’ বলে কটাক্ষ করেছেন। তাঁর মতে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সিনিয়র সাংসদ ও আইনজীবীর অভিযোগকে যুক্তি দিয়ে খণ্ডন না করে রাজ্যপাল ‘প্যানিক’ করে ফেলেছেন।

রাজভবনে তল্লাশি প্রসঙ্গে কুণাল প্রশ্ন তোলেন, “সিআরপিএফ ডেকে তল্লাশি চালানো হচ্ছে। সিআরপিএফ তো বিজেপির ঘরের। কিছু যদি থাকে, তা তো সাজিয়ে রাখা হবে না। আগে সরিয়ে ফেলা হয়নি, তার কী গ্যারান্টি আছে?” তিনি রাজভবনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন, যেখানে রাজ্যপালের দফতর থেকে কিছু গাড়িকে বিনা তল্লাশিতে ঢোকার নির্দেশ দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে সংঘাত চললেও, রাজভবন থেকে অস্ত্র সরবরাহের অভিযোগ ও তার পাল্টা বম্ব স্কোয়াড দিয়ে তল্লাশি – এই ঘটনা সংঘাতকে আরও নতুন মাত্রা দিল।