“ফাঁসি দিন! বাঁচার রাস্তা নেই”, SLST-র নতুন চাকরিপ্রার্থীদের আন্দোলনে ধুন্ধুমার! চ্যাংদোলা করে তুলল পুলিশ, রাজ্যজুড়ে পথে নামার হুঁশিয়ারি।

SLST-র নতুন চাকরিপ্রার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল কলকাতা। নিয়োগের দাবিতে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে সেন্ট্রাল পার্কের সামনে অবস্থানে বসেন নতুন পরীক্ষার্থীরা। তাঁদের মূল আপত্তি অভিজ্ঞতার জন্য বরাদ্দ ১০ নম্বর নিয়ে, যা নতুনদের বঞ্চনা করছে বলে অভিযোগ। যোগ্য চাকরিপ্রার্থীরাও আগামীকাল পথে নামার ঘোষণা করেছেন।

বিক্ষোভকারীদের ময়ূখ ভবনের সিগন্যালের কাছে আটকে দেয় পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুপুর থেকে রাস্তায় বসে থাকা আন্দোলনকারীদের চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয়। এমনকি মহিলা চাকরিপ্রার্থীদেরও টেনে হিঁচড়ে রাস্তা থেকে তুলে দিতে দেখা যায়। এই ঘটনাকে ঘিরে রীতিমতো খণ্ডযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়।

আন্দোলনকারীদের তীব্র ক্ষোভ প্রকাশ করে একজন বলেন, ‘এ রাজ্যে জন্মানোটাই লজ্জার। মুখ্যমন্ত্রী বরং আমাদের ফাঁসি দিয়ে দিক। বাঁচার তো কোনও রাস্তা উনি রাখছেন না।’ আরেকজন মহিলা আন্দোলনকারী পুলিশের বাড়াবাড়ি প্রসঙ্গে বলেন, ‘আজ রাস্তা থেকে তুলে দিচ্ছে। এরপর চাকরি না পেয়ে যখন রাস্তাতেই নামতে হবে, সেদিন কী করবে? আমরা ফুটপথেই থাকব। শান্তিপূর্ণ আন্দোলনই করেছি।’

বিক্ষোভকারীদের কটাক্ষ, ‘চটিচাটা পুলিশ, দলদাস পুলিশ। পার্থ চট্টোপাধ্যায়ের মতো চোররা ঘুরে বেড়াচ্ছে, তাদের ধরার মুরোদ নেই। আমরা বঞ্চিত। শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, আমাদেরকেই গায়ে হাত দিয়ে ভ্যানে তুলছে। যা ঘটছে তা রাজ্যের লজ্জা।’ আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আন্দোলন সবে শুরু হয়েছে। এখানে আটকাচ্ছে আরেক জায়গায় করব। গোটা রাজ্যজুড়ে রাস্তায় নামব।’