‘খাবারের জন্য অপরিচিতদের উপর নির্ভরশীল’, জীবনের শেষ প্রান্তে এসে ছেলে যুবরাজ ও পরিবার নিয়ে বিস্ফোরক যোগরাজ সিং

২০১১ সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত যোগরাজ সিং এবার অভিযোগ করেছেন যে, তিনি খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল এবং তাঁর সময় কাটছে একাকীত্বে। এমনকী তিনি মৃত্যুর জন্যও প্রস্তুত বলে জানিয়েছেন।

যুবরাজ ও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ক্ষোভ উগরে দিয়ে যোগরাজ সিং বলেন:

“আমি সন্ধেবেলা একা বসে থাকি, বাড়িতে কেউ থাকে না। খাবারের জন্য আমি অপরিচিতদের উপর নির্ভরশীল। তবে আমি কাউকে বিরক্ত করি না। খিদে পেলে কেউ না কেউ আমার জন্য খাবার এনে দেয়।”

এরপরই তাঁর অভিমানী মন্তব্য, তিনি মৃত্যুর জন্য প্রস্তুত। যোগরাজ বলেন:

“আমি পরিবারের সবাইকে ভালবাসি। আমি কারও কাছে কিছু চাই না। আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আমার জীবনে সব পাওয়া হয়ে গিয়েছে। এবার ঈশ্বর যখন চাইবেন, তখন আমাকে সঙ্গে নিয়ে যাবেন।”

অভিমানের কারণ:

কেন এমন অভিমান? যোগরাজ সিং মনে করেন, যুবরাজ এবং তাঁর মায়ের তাঁকে ছেড়ে চলে যাওয়াটাই তাঁর জীবনে সবচেয়ে বড় ধাক্কা ছিল।

“পরিস্থিতি এমন এক পর্যায়ে এসেছিল, যখন যুবি ও তার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। সেটা আমাকে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছিল। যে মহিলার জন্য আমি আমার পুরো জীবন–যৌবন উৎসর্গ করেছিলাম, তারা কি আমাকে ছেড়ে চলে যেতে পারে? পরে মনে হয়েছে, এটা হয়তো ঈশ্বরের লীলাখেলা।”

পারিবারিক সম্পর্ক:

যোগরাজ সিং প্রথমে শবনম কৌরকে বিয়ে করেছিলেন। তাঁদের দুই ছেলে—যুবরাজ ও জোরাবর। ক্রমাগত ঝামেলার জেরে সেই বিয়ে ভেঙে যায়। যুবরাজ নিজেও একসময় বলেছিলেন যে, তাঁর বাবা-মায়ের ঝগড়ার কারণেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর যোগরাজ নীনা বুন্ধেলের সঙ্গে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই সম্পর্কে তাঁর এক ছেলে (ভিক্টর) ও এক মেয়ে (অমরজ্যোত) রয়েছেন, যারা বর্তমানে আমেরিকায় থাকেন।