ক্যাটরিনার মতো জীবনসঙ্গী পেয়ে ধন্য, প্রতিদিন শিখছেন ভিকি

বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশল গত বছর রাজস্থানে রাজকীয় আয়োজনে বিয়ে করে অনেকের হৃদয় ভেঙেছিলেন। তারপর দ্রুতই যে যাঁর কাজে ফিরেছেন।

এবার ভিকি জানালেন, ক্যাটরিনার মতো মানুষকে অর্ধাঙ্গিনী হিসেবে পেয়ে ধন্য তিনি। এরই মধ্যে ভিকির জীবনে ব্যাপক প্রভাব ফেলেছেন ক্যাটরিনা। প্রতিদিন তাঁর কাছ থেকে শিখছেন।

হ্যালো! সাময়িকীকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। ভিকি বলেছেন, ‘আমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই ক্যাটরিনার প্রভাব রয়েছে। আমি খুবই ভাগ্যবান যে তার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি; কারণ, সে অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান ও সহানুভূতিশীল। আমি প্রতিদিন ওর কাছ থেকে অনেক কিছু শিখি।’

জনসমক্ষে নিজেদের সম্পর্ক নিয়ে খুবই কম কথা বলেন ভিকি ও ক্যাটরিনা। ইনস্টাগ্রামে অবশ্য তাঁরা প্রায়ই যুগল ছবি শেয়ার করেন, আর তা ভাইরাল হতে সময় লাগে না। গত বছরের ডিসেম্বরে ভিকি কুশলের সঙ্গে বিয়ের পর মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপকে বেছে নিয়েছিলেন ক্যাটরিনা।

এবার কাজের প্রসঙ্গে আসা যাক, ক্যাটরিনা কাইফকে সবশেষ ‘সূর্যবংশী’ সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে। আগামীতে তাঁকে সালমান খানের ‘টাইগার থ্রি’ ও বিজয় সেতুপতির ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা যাবে।

অন্যদিকে, ভিকিকে আগামী মেঘনা গুলজারের ‘স্যাম বাহাদুর’; লক্ষণ উতেকারের নাম ঠিক না হওয়া একটি সিনেমা, যেখানে তাঁর নায়িকা সারা আলি খান; ভূমি পেড়নেকার ও কিয়ারা আদভানির সঙ্গে ‘গোবিন্দ নাম মেরা’; আদিত্য ধরের ‘দ্য ইমরটাল অশ্বত্থামা’ এবং করণ জোহরের ‘তাখত’ সিনেমায় দেখা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *