বড় ধাক্কা টিম ইন্ডিয়ার! ঘাড়ে গুরুতর চোট, ইডেন টেস্ট থেকে ছিটকে গেলেন ক্যাপ্টেন শুভমন গিল!

ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে গুরুতর চোট পেয়েছেন ভারত অধিনায়ক শুভমন গিল। শনিবার খেলার দ্বিতীয় দিন ঘাড়ে চোট পাওয়ার পর আর মাঠে নামেননি তিনি। পরিস্থিতি বেগতিক দেখে দিনের খেলার শেষে তাঁকে অ্যাম্বুলেন্সে করে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়।
বিসিসিআই আজ, তৃতীয় দিনের খেলা শুরুর মাত্র ৩০ মিনিট আগে সরকারিভাবে জানিয়ে দিয়েছে, চোটের কারণে শুভমন গিল আর এই টেস্ট ম্যাচে অংশ নিতে পারবেন না। টিম ইন্ডিয়ার জন্য এটি একটি বড় ধাক্কা।
হাসপাতাল সূত্রে খবর, মনিটরিংয়ের জন্য তাঁকে সিঙ্গল আইসিইউতে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন। তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে ৬ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে দু’জন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, একজন নিউরোসার্জারি বিশেষজ্ঞ, একজন হৃদরোগ বিশেষজ্ঞ, একজন ক্রিটিক্যাল কেয়ার এবং একজন জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ রয়েছেন। হাসপাতালে আনার পরেই তাঁর এমআরআই (MRI) করা হয়েছে। হাসপাতালে তাঁর সঙ্গে রয়েছেন বাবা।
রবিবার সকালে বিসিসিআইয়ের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়, “কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্টের দ্বিতীয় দিনে ঘাড়ে চোট পান ক্যাপ্টেন শুভমন গিল। দিনের খেলা শেষ হওয়ার পর তাঁকে পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বর্তমানে হাসপাতালে পর্যবেক্ষণে আছেন। তিনি আর এই টেস্ট ম্যাচে অংশ নেবেন না। বিসিসিআইয়ের মেডিকেল টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছে।”
রবিবার সকালেই গিলের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, শনিবারের চেয়ে তাঁর ব্যথা কিছুটা কম। এখন তিনি ঘাড় খানিকটা ঘোরাতে পারছেন। তবে চিকিৎসকরা ‘অ্যাকিউট নেক পেইন’-এর কারণে আরও ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখতে চেয়েছেন। সকালে ব্রেকফাস্টও করেছেন ভারত অধিনায়ক।