আদিবাসী বৃদ্ধদের পা ধুইয়ে খাবার পরিবেশন, হুগলির সভাস্থলে অন্য মেজাজে শুভেন্দু অধিকারী

হুগলির সপ্তগ্রামে বীরসা মুণ্ডার জন্ম সার্ধ্বশতবর্ষের অনুষ্ঠানে দেখা গেল এক অন্য ধরনের দৃশ্য। প্রবীণ আদিবাসী সম্প্রদায়ের প্রতি বিশেষ সম্মান ও শ্রদ্ধা জানাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে হাতে আদিবাসী বৃদ্ধদের পা ধুইয়ে দেন।
রবিবার (১৬ নভেম্বর, ২০২৫) এই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে দুই নেতা সারিবদ্ধভাবে বসে থাকা বৃদ্ধদের পা ধোয়ার মাধ্যমে সেবা করেন। পা ধোয়ার পর্ব শেষ হওয়ার পর শুভেন্দু অধিকারী নিজেই আদিবাসীদের জন্য প্রস্তুত করা খাবার পরিবেশন করেন।
রাজনৈতিক মহলের মতে, লোকসভা বা বিধানসভা নির্বাচনের আগে আদিবাসী ভোটব্যাঙ্কে নিজেদের প্রভাব বাড়াতে এবং সমাজের প্রতি সংবেদনশীলতার বার্তা দিতেই রাজ্যের বিরোধী দলনেতা এমন নজিরবিহীন কর্মসূচির মাধ্যমে জনমানসে একটি বিশেষ বার্তা পৌঁছানোর চেষ্টা করলেন।