লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে যেখানে, পছন্দের স্পট পেতে কারবালাতলা মোড়-সহ শহরে চলছে জায়গা দখলের প্রতিযোগিতা।

কাটোয়া শহরের রাস্তায় এখন এক অবাক করা দৃশ্য দেখা যাচ্ছে—প্রকাশ্যে চলছে জায়গা দখল! অবাক করার বিষয় হলো, যার যে জায়গা পছন্দ হচ্ছে, তিনি ইট, বস্তা কিংবা খবরের কাগজ পেতে তা দখল করে রাখছেন, অথচ কেউ কিছুই বলছেন না। তবে এই অদ্ভুত ঘটনার কারণ জানলে অবাক হবেন না কাটোয়াবাসী, কারণ এই দখলদারির নেপথ্যে রয়েছে শহরের আবেগ ও ঐতিহ্য।

আসলে, সামনেই কাটোয়ার বিখ্যাত কার্তিক লড়াই (Kartik Lorai)। আগামী সোমবার কার্তিক পুজো এবং মঙ্গলবার এই লড়াই বা শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এই শোভাযাত্রা দেখতে শহরজুড়ে লক্ষাধিক মানুষের ভিড় হয়। আর এই বিপুল সংখ্যক মানুষের মধ্যে পছন্দের জায়গায় বসে, সুষ্ঠ ভাবে শোভাযাত্রা উপভোগ করার জন্যই এই ‘অস্থায়ী জায়গা দখলের’ কাজ চলছে।

ইট-কাগজ দিয়ে বুকিং
কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা যে নির্দিষ্ট পথে ঘোরে, সেই পথেই এই ছবি দেখা যাচ্ছে। কারবালাতলা মোড়, আতুহাট পাড়া, বারোয়ারিতলা সহ একাধিক জায়গায় রাস্তার দু’পাশে বন্ধ দোকানের বারান্দা কিংবা বাড়ির সামনের বড় জায়গা আগে ভাগেই ‘বুকিং’ করে নেওয়া হচ্ছে। মূলত আত্মীয়-স্বজনদের নিয়ে একসঙ্গে বসে উৎসব উপভোগ করাই এর উদ্দেশ্য।

স্থানীয় বাসিন্দা রঞ্জিত রায় নিশ্চিত করে জানান, “এটা হচ্ছে কার্তিক পুজো উপলক্ষে জায়গা দখল। দর্শনার্থীরা বসে শোভাযাত্রা দেখার জন্য জায়গা দখল করে, এটা পার্মানেন্ট জায়গা দখল নয়।”

কাটোয়া শহরের স্থানীয় বাসিন্দা চন্দ্রনাথ মুখার্জী বলেন, “প্রশাসন থেকে নির্দিষ্ট রুট ঠিক করে দেয়। আর সেই রুটের বিভিন্ন জায়গায় মানুষ সুষ্ঠ ভাবে বসে শোভাযাত্রা দেখার জন্যই দিন পাঁচ ছয়েক আগে থেকে জায়গা দখল করে রাখে।”

সবমিলিয়ে, কার্তিক লড়াইয়ের দিন কয়েক আগে থেকেই শুরু হয়ে যাওয়া এই জায়গা দখলের ছবি যেন প্রমাণ করে দেয় যে, কাটোয়ার মানুষের কাছে এই কার্তিক লড়াই কতটা আবেগের। সারাবছর ধরে এই শহরের মানুষ শুধুমাত্র এই উৎসবের জন্যই অপেক্ষা করে থাকেন।