বিহারে এনডিএ-এর জয়ের পর মোদির চরম কটাক্ষ, কংগ্রেস এখন ‘মুসলিম লিগ-মাওবাদী কংগ্রেস’, চলছে ‘নেগেটিভ পলিটিক্স’

বিহার বিধানসভা নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA)-এর বিপুল সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের, বিশেষত কংগ্রেসকে, তীব্র কটাক্ষ করলেন। শুক্রবার নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে দেওয়া ভাষণে মোদী কংগ্রেসকে “মুসলিম লিগ-মাওবাদী কংগ্রেস” বা ‘এমএমসি’ বলে অভিহিত করেন, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

প্রধানমন্ত্রী মোদী বক্তব্যের শুরুর দিকেই বলেন, “বিহারে গিয়ে যখন জঙ্গলরাজের কথা বলতাম, তখন আরজেডি বিচলিত হত না, কিন্তু কংগ্রেসের খুব গায়ে লাগত।” এরপরই তিনি কংগ্রেসের সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের উল্লেখ করে হিসেব দিয়ে আক্রমণ করেন:

“২০২৪-এর লোকসভা নির্বাচনের পর ৬ রাজ্যে বিধানসভা ভোট হয়েছে। একটাতেও ১০০ পার করতে পারেনি কংগ্রেস। বিহারে বিজেপির যত প্রার্থী জিতেছে, গত ৬টা ভোটেও কংগ্রেসের তত প্রার্থী জেতেনি।”

কংগ্রেসের রাজনীতি ‘নেগেটিভ পলিটিক্স’-এর আধার

কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের রাজনীতির ভিত্তি হলো ‘নেগেটিভ পলিটিক্স’।

তিনি উদাহরণ টেনে বলেন, কংগ্রেস কখনও “চৌকিদার চোর” বলেছে, কখনও সংসদের সময় নষ্ট করেছে এবং সব প্রতিষ্ঠানকে আক্রমণ করেছে।

মোদী দাবি করেন, কংগ্রেস মানুষকে জাতির নিরিখে ভাগ করছে এবং দেশের জন্য তাদের কোনও ইতিবাচক ভিশন নেই।

‘পরজীবী দল’ ও বিভাজনের আশঙ্কা

নরেন্দ্র মোদী আরও দাবি করেন যে কংগ্রেস একটি ‘পরজীবী দল’। তিনি বলেন, “কংগ্রেস পরজীবী দল। এরা সহযোগীদের ভোটব্যাঙ্ক নিয়ে জিততে চায়। কংগ্রেসের থেকে সাবধান থাকুন।” তিনি বলেন, বিহারে ভোটের সময়ই তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে আরজেডি আর কংগ্রেসের দ্বন্দ্ব শীঘ্রই প্রকাশ্যে আসবে।

সবচেয়ে বড় আশঙ্কা প্রকাশ করে মোদী বলেন, কংগ্রেসের অন্দরে এখন থেকেই নেতিবাচক রাজনীতিতে বিরক্ত সদস্যরা আলাদা ভাগ তৈরি করছে:

“আজ কংগ্রেস মুসলিম লিগি মাওবাদী কংগ্রেস তৈরি হয়েছে। এটা এমএমসি। এই কংগ্রেসের অ্যাজেন্ডা এর উপরেই চলে। আমার আশঙ্কা, আগামিদিনে কংগ্রেসের একটা বড় বিভাজন তৈরি হবে।”