বিহার জয়ের পর কড়া বার্তা, ‘মোদিকে গালাগালি সহজ, মোদি হওয়া কঠিন!’ রাহুল গান্ধীকে প্রকাশ্যে নিশানা প্রাক্তন কংগ্রেস নেতার

বিহার বিধানসভা নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোটের (NDA) পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করে কংগ্রেসের প্রাক্তন নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম এবার সরাসরি নিশানা করলেন দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে। তাঁর স্পষ্ট বার্তা, রাহুল গান্ধী যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করবেন, দেশের মানুষ তত তাঁকে আয়না দেখাতে থাকবে। তিনি মনে করেন, প্রধানমন্ত্রীর খ্যাতিকে “কালিমালিপ্ত করার ষড়যন্ত্র” ভারতের মানুষ আর সহ্য করবে না।

নিজের করা একটি ভিডিও বার্তায় আচার্য প্রমোদ কৃষ্ণমকে বলতে শোনা যায়: “মোদিকে গালাগালি দেওয়া খুব সহজ। কিন্তু মোদি হওয়া খুব কঠিন। মোদি হতে গেলে, দেশের মাটির প্রতি নিবেদিতপ্রাণ হতে হবে।”

তিনি আরও যোগ করেন, “আজ বিহারের মানুষ যে বার্তা দিয়েছেন, তা কেবল ভারতেই নয়, বরং বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। যতদিন আপনি (রাহুল গান্ধী) নরেন্দ্র মোদির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করতে থাকবেন, ততদিন দেশের মানুষ আপনাকে আয়না দেখাতে থাকবে।” আচার্য কৃষ্ণমের সংযোজন, “ভারতের মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু নরেন্দ্র মোদির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র তারা আর সহ্য করতে পারে না।”

ম্যাজিক ফিগার পেরোল NDA

নির্বাচন কমিশনের শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৪৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এনডিএ ১২৫টি আসনে ইতিমধ্যেই জয়লাভ করে ফেলেছে, অর্থাৎ শাসক-শিবির ম্যাজিক ফিগারে পৌঁছে গিয়েছে। অন্যদিকে, কংগ্রেস-সহ মহাজোটের ঝুলিতে গেছে মাত্র ১৭টি আসন এবং AIMIM জিতেছে ৫টি আসনে। বেশ কিছু আসনে ভোট গণনা এখনও চলছে।