ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে কড়া কমিশন! ফর্ম জমা না দিলে নাম বাদ, শাস্তির মুখে বহু BLO

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া জোর কদমে চললেও, বুথ লেভেল অফিসারদের (BLO) কাজে খুশি নয় নির্বাচন কমিশন (Election Commission)। কমিশন সূত্রে খবর, দায়িত্ব ঠিকমতো পালন না করার জন্য বহু BLO-র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে শুক্রবারের মধ্যেই। অভিযোগ উঠেছে, কোথাও ভোটারদের বাড়ি না গিয়ে তিস্তা বাঁধের উপরে বসে ফর্ম বিলি করা হচ্ছে, আবার কোথাও পক্ষপাতিত্ব দেখানোর মতো গুরুতর অভিযোগও উঠেছে।
কমিশনের বড় ঘোষণা: ফর্ম জমা না দিলে সরাসরি নাম বাদ
দায়িত্বে গাফিলতির মাঝেই ভোটারদের জন্য কমিশন আরও বড় ঘোষণা করেছে। কমিশন জানিয়েছে, যেসব ভোটার এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেবেন না, তাঁদের নাম সরাসরি খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
প্রথমবার প্রকাশ হবে নতুন ‘বাদ তালিকা’
ভোটার তালিকা প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ করতে কমিশন এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এক নয়া পদক্ষেপ নিয়েছে। আগামী ৯ ডিসেম্বর যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে, তখন তার পাশেই আরেকটি আলাদা তালিকা প্রকাশ করা হবে।
এই নতুন তালিকায় স্পষ্টভাবে উল্লেখ থাকবে কার নাম কেন বাদ গেল।
এই তালিকায় মৃত ভোটারদের নাম থাকবে, যেহেতু মৃত ব্যক্তিরা ফর্ম জমা দিতে পারবেন না।
একইভাবে, কারও নাম ভুয়ো প্রমাণিত হলে বা তিনি অন্য কোথাও স্থানান্তরিত হলে, সেই কারণও নতুন তালিকায় পরিষ্কার ভাবে উল্লেখ থাকবে।
অর্থাৎ জীবিত, মৃত, ভুয়ো— সব ভোটারের তথ্য এবার পরিষ্কার ভাবে সাধারণের জন্য উন্মুক্ত করা হবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও সঠিক রাখতেই নির্বাচন কমিশন এই কঠোর ব্যবস্থা নিচ্ছে।
আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের বিশেষ টিম
এদিকে, কমিশনের কঠোরতা আরও বাড়াতে আগামী সপ্তাহেই ফের রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁদের লক্ষ্য, ভোটার তালিকা যেন সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভুল থাকে। সূত্রের খবর, এই প্রতিনিধিদল এবার কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন সংবেদনশীল এলাকা অথবা যে অঞ্চলগুলিতে ফর্ম বিলি প্রক্রিয়া তুলনামূলক ধীর, সেসব জায়গায় নজরদারি করতে পারে।