বিহারের ফল ঘোষণার আগেই ‘লালুপুত্র’র বড় হুঁশিয়ারি! “২০২০-র ভুল হলে জনতাই ব্যবস্থা নেবে”, প্রশাসনকে কী বললেন তেজস্বী?

বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাক্কালে বড়সড় হুঙ্কার দিলেন বিরোধী মহাজোটের নেতা তথা রাষ্ট্রীয় জনতা দলের প্রধান তেজস্বী যাদব। সমস্ত এক্সিট পোলকে উড়িয়ে দিয়ে তিনি জোর দিয়ে বলেন, তাদের জোট এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মসনদের দখল নিতে চলেছে। তবে একই সঙ্গে গণনা প্রক্রিয়ায় কারচুপির আশঙ্কা প্রকাশ করে তিনি প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার পটনায় এক সাংবাদিক বৈঠকে তেজস্বী বলেন, “আমরা নিশ্চিত, এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করছি। আমাদের কর্মীরা সব গণনাকেন্দ্রে সতর্ক হয়েই রয়েছেন।”
প্রশাসনকে কড়া বার্তা: ২০২০ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে এনে তিনি অভিযোগ করেন, “তখনও জনমত মহাগঠবন্ধনের পক্ষেই ছিল, কিন্তু কিছু অফিসারের কারচুপির ফলেই ফলাফল ঘুরে যায়।” এই ভুল যেন এবার না হয়, সেই প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তেজস্বী বলেন:
“যদি প্রশাসন আবার ২০২০ সালের মতো কোনও ভুল করে, সীমা লঙ্ঘন করে, সংবিধান-বহির্ভূত কিছু করে বা অন্য কারও নির্দেশে কাজ করে, তাহলে জনতা নিজেরাই ব্যবস্থা নেবে।”
তিনি আরও অভিযোগ করেন, “অফিসারদের উপর দিল্লি থেকে নির্দেশ আসছে। ভোটগণনায় দেরি করানোর আশঙ্কাও রয়েছে, তবে আমাদের কর্মীরা সতর্ক।”
ফল ঘোষণার আগের রাতে গোপন বৈঠক: জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তেজস্বী যাদবের বাসভবনে ফল ঘোষণার আগের রাতে মহাগঠবন্ধনের শীর্ষ নেতৃত্ব কৌশলগত বৈঠকে বসেন। রাত সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই বৈঠকে ভোটগণনার প্রতিটি ধাপ কড়াভাবে নজরদারির কৌশল নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভিআইপি নেতা মুকেশ সাহানি, সিপিআই(এমএল) লিবারেশন-এর সাধারণ সম্পাদক দিপঙ্কর ভট্টাচার্য এবং কংগ্রেসের বিহার ইন-চার্জ কৃষ্ণা আল্লাভারু।