অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় বদল, জেনেনিন কোন সময়ে লাগবে আধার?

ট্রেনে অনলাইন টিকিট কাটার নিয়মে এবার বড়সড় পরিবর্তন এনেছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। এখন থেকে শুধু তৎকাল বুকিং নয়, সাধারণ টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও আধার নম্বর যাচাই বা আধার অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। গত ২৮ অক্টোবর থেকেই নতুন এই নিয়ম কার্যকর হয়েছে।
রেলের নয়া নিয়ম ও সময়সীমা:
IRCTC ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটার ক্ষেত্রে এই নিয়ম আবশ্যক করা হয়েছে। তবে এই আধার অথেনটিকেশন নিয়ম কার্যকর হবে শুধুমাত্র সকাল ৮টা থেকে ১০টার মধ্যে কাটা টিকিটের জন্য।
ভারতীয় রেলওয়ের তরফে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে, দিনের ‘পিক আওয়ারে’ যাতে সকল সাধারণ যাত্রী টিকিট কাটার সুযোগ পান এবং টিকিট বুকিংয়ে কোনো ধরনের জালিয়াতি না হয়, সেই উদ্দেশ্যেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন এই কড়া পদক্ষেপ?
সকাল ৮টা থেকে ১০টা অনলাইন রিজার্ভেশনের সবচেয়ে ব্যস্ততম সময়। এই সময়েই বেশিরভাগ যাত্রী দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং করেন। দীর্ঘ দিন ধরে অভিযোগ আসছিল যে এই পিক আওয়ারে অটোমেটেড সফটওয়্যার বা একাধিক লগ-ইন ব্যবহার করে এজেন্টরা টিকিট কেটে রাখছেন, ফলে সাধারণ যাত্রীরা কনফার্ম টিকিট পাচ্ছিলেন না।
নয়া ব্যবস্থায়, সকাল ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র আধার ভেরিফায়েড ইউজাররাই টিকিট বুকিংয়ের সুবিধা পাবেন। তবে, যাঁদের আধার কার্ড IRCTC-এর সঙ্গে লিঙ্ক করা নেই, তাঁরা সকাল ৮টার আগে এবং সকাল ১০টার পরে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে পারবেন। উল্লেখ্য, টিকিট কাউন্টারে গিয়ে অফলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এই নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।
তৎকাল বুকিংয়েও আধার ও OTP:
১ জুলাই, ২০২৫ থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। ১৫ জুলাই, ২০২৫ থেকে তৎকাল বুকিংয়ে ওটিপি (OTP) ভিত্তিক যাচাই যুক্ত করা হয়েছে। এর অর্থ, টিকিট বুক করার সময় ইউজারের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে, যা সাবমিট করা আবশ্যক। এই ব্যবস্থা নিশ্চিত করবে যে টিকিটটি কেবলমাত্র অ্যাকাউন্ট এবং আধার লিঙ্ক করা আসল ইউজারের নামেই বুক করা হয়েছে, কোনো এজেন্টের মাধ্যমে নয়।
IRCTC-এর সঙ্গে আধার লিঙ্ক করবেন কীভাবে?
চিন্তা নেই, যদি আপনার IRCTC অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড এখনও লিঙ্ক না করা থাকে, তবে ঘরে বসেই মাত্র কয়েক মিনিটে এটি করতে পারবেন:
- প্রথমে www.irctc.co.in এ গিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন।
- ‘My Profile’ মেনুতে যান এবং ‘Authenticate Aadhaar’-এ ক্লিক করুন।
- আপনার আধার নম্বর বা ভার্চুয়াল আইডি (Virtual ID) লিখুন।
- আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে আসা OTP লিখুন এবং ‘Submit’ করুন।
এরপর আপনার IRCTC অ্যাকাউন্টটি আধার দ্বারা যাচাই (Aadhaar verified) হয়ে যাবে এবং আপনি সকাল ৮টা থেকে ১০টার মধ্যে টিকিট বুক করতে পারবেন।