স্ত্রীর কাকা-কে ‘বাবা’ সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র! ক্যানিংয়ে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে জালিয়াতির গুরুতর অভিযোগ

পশ্চিমবঙ্গের ক্যানিংয়ে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। শফিক গাজি নামে ওই যুবক তাঁর নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে জালিয়াতির মাধ্যমে ভারতীয় পরিচয়পত্র (ভোটার কার্ড ও আধার কার্ড) তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ছোট দুমকি গ্রামের বাসিন্দা জয়নাল গাজি এই অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এদেশে আসা শফিক গাজি তাঁর স্ত্রী সালেমা গাজির কাকা জয়নাল গাজিকেই তাঁর নিজের বাবা বলে পরিচয়পত্রে উল্লেখ করে ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করেছেন।
দিল্লি থেকে ক্যানিং:
জানা গিয়েছে, শফিক গাজি বাংলাদেশ থেকে ভারতে এসে দিল্লিতে থাকতে শুরু করেন। সেখানেই সালেমা গাজির সঙ্গে তাঁর পরিচয় হয় এবং পরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর সফিক তাঁর স্ত্রীকে নিয়ে ক্যানিংয়ে শ্বশুরবাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানেই তিনি শ্বশুরবাড়ির আত্মীয়, জয়নাল গাজির পরিচয় ব্যবহার করে তাঁকে নিজের বাবা হিসেবে দেখিয়ে পরিচয়পত্রগুলি তৈরি করেন।
SIR-এর আবহে নড়েচড়ে বসা প্রশাসন:
বছর খানেক আগে বিষয়টি জানার পর বৃদ্ধ জয়নাল গাজি ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু তখন বিশেষ কোনও ফল হয়নি। সম্প্রতি রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ শুরু হওয়ার পর যখন ভুয়ো নাগরিকদের শনাক্ত করার তোরজোড় শুরু হয়, তখনই জয়নাল গাজি নতুন করে প্রতিবাদ শুরু করেন। তিনি ফের ক্যানিং থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ হন এবং একই সঙ্গে নির্বাচন কমিশন ও ক্যানিং মহকুমা শাসকের দফতরেও নতুন করে অভিযোগ দায়ের করেন।
সম্পত্তি নিয়ে পাল্টা অভিযোগ:
এই ঘটনার পর থেকেই অভিযুক্ত শফিক গাজি গা ঢাকা দিয়েছেন। তবে তাঁর স্ত্রী সালেমা গাজি পাল্টা দাবি করেছেন, জয়নাল গাজিই সফিকের আসল বাবা। সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ চলছে, আর সেই কারণেই বৃদ্ধ জয়নাল গাজি মিথ্যা অভিযোগ করছেন। এই অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।