লালকেল্লার পর এবার রাডিসনের কাছে ‘বিস্ফোরণ’! আতঙ্কে কাঁপল দিল্লি, আসল কারণ জানলে চমকে যাবেন

দিল্লির লালকেল্লায় বোমা বিস্ফোরণের ঘটনার পর বৃহস্পতিবার সকালে ফের বিস্ফোরণের গুজবে চাঞ্চল্য ছড়াল। এদিন সকালে দিল্লির মহিপালপুর এলাকার র্যাডিসন হোটেলের কাছে একটি বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গেই এই ঘটনায় আতঙ্ক ছড়ায়।
সকাল ৯:১৮ মিনিটে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপণ বাহিনী এবং পুলিশ। কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে শুরু করে পুলিশ।
তবে ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা কোনও বিস্ফোরণের প্রমাণ পাননি। স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় জানা যায়, বিকট শব্দটি আসলে ধৌলা কুঁয়ার দিকে যাচ্ছিল একটি ডিটিসি (DTC) বাসের পিছনের টায়ার ফেটে যাওয়ার শব্দ।
দিল্লি দমকল বিভাগ জানিয়েছে, সকাল ৯:১৮ মিনিটে কল আসার পরপরই তিনটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। পুলিশ পরিদর্শনের পর নিশ্চিত করেছে যে ঘটনাস্থলে কোনও সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।
কর্তৃপক্ষ জনসাধারণকে আশ্বস্ত করে জানিয়েছে, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একইসঙ্গে বাসিন্দাদের শান্ত থাকতে এবং যেকোনও সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে অবিলম্বে পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।