‘আধার-যোগ’ হবে মৃত ভোটারদের! ভুয়ো ভোটার ইস্যুতে তদন্তের আশ্বাস দিল কমিশন, সন্তুষ্ট বিজেপি

রাজ্যে প্রায় ১৩ লক্ষ ২৫ হাজার ভুয়ো ভোটারের নাম রয়েছে—এই অভিযোগ নিয়ে বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে তথ্য জমা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটি পেন ড্রাইভে সারা রাজ্যের এই বিশাল ভুয়ো ভোটারের তালিকা তিনি জমা দেন। এর পাশাপাশি, পুরুলিয়া, বীরভূম, তমলুক, কাঁথি ও কোচবিহার—এই পাঁচটি লোকসভা কেন্দ্রের ভুয়ো ভোটার সংক্রান্ত নথির হার্ড কপিও সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি ও তাঁর সঙ্গে থাকা বিজেপি নেতারা।

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে প্রবেশের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এই ভুয়ো ভোটারদের সাহায্যেই প্রতিবার তৃণমূল কংগ্রেস নির্বাচনে জয়ী হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন না, চিৎকার করছেন। ওঁর পায়ে কাঁটা ফুটেছে। নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে। তাই তৃণমূলের সাপেরা গর্ত থেকে বেরিয়ে পড়েছে।”

নথি জমা দেওয়ার পর সিইও দফতর থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের জানান, তাদের অভিযোগের ভিত্তিতে রাজ্যের ২৯৪টি কেন্দ্রে তদন্ত হবে বলে সিইও আশ্বাস দিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে যে তারা আধারের সঙ্গে বৈঠক করেছে এবং আধার তথ্যের ভিত্তিতে মৃত ভোটার ও ভুয়ো ভোটারদের চিহ্নিত করা সম্ভব হবে। এছাড়া মৃত ভোটার ও বিধবা ভাতা প্রাপকদের মধ্যে মৃতদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াকরণও শুরু হবে।

বিএলও নিয়োগে গরমিল

বৈঠকে বিএলও (BLO) নিয়োগের বিষয়টি নিয়েও আলোচনা হয় বলে জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এর আগে পাঁচ হাজারের বেশি বিএলও-র নিয়োগে গরমিল সংক্রান্ত একটি তালিকা বিজেপি নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছিল। সেই নিয়েও এদিন আলোচনা হয়েছে। শুভেন্দু অধিকারী আরও বলেন, “আমরা সিইও-র কাছ থেকে কেস টু কেস চেয়েছি। যে ইআরও (ERO) ও এইআরও-রা (AERO) ভুল রিপোর্ট দিচ্ছেন, সেটা প্রমাণ হলে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।”

উল্লেখ্য, বিজেপির আগের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই প্রায় ৩০০ জন বিএলও-কে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুভেন্দু জানান, বিজেপির খোলা কন্ট্রোল রুম থেকে এ পর্যন্ত ৬৫টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে বাড়ি বাড়ি বিএলও-দের না যাওয়া, ক্লাবে বসে ফর্ম দেওয়া বা বিজেপির বিএলএ-দের (BLA) মারধর করার অভিযোগ রয়েছে।

বিরোধী দলনেতা বলেন, কমিশনের অনেক কাজে বিজেপি সন্তুষ্ট না হলেও এদিনের বৈঠকে কমিশনের ভূমিকায় তারা সন্তুষ্ট। তবে তিনি এও উল্লেখ করেন, কয়েকজন আধিকারিক প্রাণপণ চেষ্টা করছেন।