দু’চোখে শুধুই আকুতি! হনুমানের নীরব আবেদনে সাড়া, স্থানীয়দের তৎপরতায় সফল উদ্ধারকাজ! কী হয়েছিল বাঁকুড়ার বেলুট গ্রামে?

বাঁকুড়ার বেলুট গ্রামে ঘটল এক হৃদয়স্পর্শী ঘটনা। অসুস্থতার কারণে একটি হনুমান গাছে আটকে পড়েছিল, নামার ক্ষমতা ছিল না তার। দু’চোখ ভরে যেন নিচে তাকিয়ে কাতর আর্জি জানাচ্ছিল, “আমাকে উদ্ধার কর!” হনুমানের সেই নীরব আকুতি বুঝতে পেরে অবশেষে তার ত্রাতা হয়ে এল বন দফতর।
ইন্দপুর বন দফতর সূত্রে খবর, হনুমানটিকে সফলভাবে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়রা জানান, হনুমানটি সকাল থেকে গাছেই ছিল। সে অসুস্থ বুঝতে পেরেই স্থানীয়রা দ্রুত বন দফতরে খবর দেন।
খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং জাল পেতে অত্যন্ত সতর্কতার সঙ্গে হনুমানটিকে উদ্ধার করেন।
ইন্দপুর রেঞ্জের আধিকারিক কোয়েল মৌলিক জানিয়েছেন, “কোনও রকম চোট ছাড়াই ভালভাবে হনুমানটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দফতরে এনেই তার চিকিৎসা শুরু করা হয়েছে।”
একটি অসুস্থ প্রাণীর প্রতি স্থানীয়দের সহমর্মিতা এবং বন দফতরের দ্রুত তৎপরতায় এই মন ভালো করা উদ্ধারকাজ সফল হয়েছে। দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে হনুমানটি।