প্রকৃতির তাণ্ডবে প্রকাশ্যে এল ঐতিহাসিক গুপ্তধন! সুপার টাইফুন কালমেগির দাপটে ফিলিপিন্সের সমুদ্রতটে ভেসে উঠল প্রাচীন বাণিজ্য জাহাজ!

ভয়াবহ সুপার টাইফুন কালমেগির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে ফিলিপিন্স। কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়ের পরই ফিলিপিন্সের হোই আনা সমুদ্রতটে দেখা মিলল এক ঐতিহাসিক গুপ্তধনের। টাইফুনের তীব্রতা এতটাই ছিল যে বালির স্তর সরে গিয়ে উঁকি দিয়েছে একটি বিশাল প্রাচীন জাহাজের উপরের অংশ।

বিজ্ঞানীরা পরীক্ষা করে জানিয়েছেন, জাহাজটি আনুমানিক ১৪০০ থেকে ১৬০০ খ্রিস্টাব্দে সমুদ্রে যাতায়াত করত। সেই সময় এই অঞ্চলটি ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্যের রুট। জাহাজটির বয়স প্রায় ৬০০ বছর!

২০২৩ সালে একবার দেখা দিয়েই হারিয়েছিল

২০২৩ সালেও একবার এই জাহাজের দেখা মিলেছিল। তখন সেটিকে সংরক্ষিত করার কাজ শুরুর আগেই তা ফের সমুদ্রের গর্ভে হারিয়ে যায়। অগত্যা তখন কিছুই করা যায়নি। অবশেষে টাইফুন কালমেগি সেই কাজটা করে দিল।

বর্তমানে জাহাজের কেবল উপরের অংশের কাঠ দেখা যাচ্ছে, যেখানে কাঠের খাঁচার পর কাঠামোয় জল আটকে আছে। যদিও জাহাজটির সিংহভাগ এখনও বালির তলায় রয়েছে, তবুও এর বিশাল আকার স্পষ্ট বোঝা যাচ্ছে।

অতুলনীয় কাঠের গুণমান দেখে অবাক বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞরা জাহাজটি তৈরি করতে ব্যবহৃত কাঠের গুণমান দেখে অবাক হয়েছেন। এত বছর জলের তলায় থাকা সত্ত্বেও পুরো জাহাজটির কাঠামো সুন্দরভাবে রয়েছে এবং কাঠগুলির তেমন কোনও ক্ষতি হয়নি।

জাহাজটি ৫৭ ফুট লম্বা। এই ঐতিহাসিক জাহাজটিকে সুরক্ষিত করাই এখন সকলের প্রধান লক্ষ্য। কর্তৃপক্ষ নিশ্চিত করতে চাইছে, যাতে এটি ২০২৩ সালের মতো উঁকি দিয়েও আর জলের তলায় হারিয়ে যেতে না পারে। দ্রুত এর সংরক্ষণের কাজ শুরু করা হয়েছে।