ডিজ়াইনার চিড়িয়াখানায় রক্তস্নান! উদ্বোধন হতেই পুথুর পার্কে ১০ হরিণকে ছিঁড়ে খেলো রাস্তার কুকুর!

এশিয়া এবং ভারতের অন্যতম সেরা ‘ডিজ়াইনার চিড়িয়াখানা’ হিসেবে সবেমাত্র যার উদ্বোধন হয়েছে, সেই কেরালার ত্রিশূরের পুথুর জুওলজিক্যাল পার্কে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। এক দল রাস্তার কুকুর হামলা চালিয়ে চিড়িয়াখানার কমপক্ষে ১০টি হরিণকে ছিঁড়ে খেলো। গত ২৮ অক্টোবর উদ্বোধন হওয়া এই অত্যাধুনিক পার্কটির এক মাসেরও কম সময়ের মধ্যে এমন ঘটনা এর নিরাপত্তা প্রোটোকল এবং প্রস্তুতির বিষয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডঃ অরুণ জাখারিয়ার নেতৃত্বে একটি দল মঙ্গলবার পার্কে পৌঁছে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, হরিণগুলির মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত শেষ হওয়ার পরই নিশ্চিত করা যাবে।
যদিও চিড়িয়াখানার ডিরেক্টর নাগরাজ এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ এই ঘটনার সঙ্গে সম্পর্কিত সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে রাজি হয়নি।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন গত ২৮ অক্টোবর এই পার্কটি উদ্বোধন করেন। ৩৩৬ একর জমির ওপর নির্মিত এই পার্কটি ২৩টি উন্মুক্ত, প্রাকৃতিক পরিবেশে ৮০ প্রজাতির ৫৩৪টি প্রাণীর থাকার জন্য ডিজাইন করা হয়েছে।
বর্তমানে পুরনো ত্রিশূর চিড়িয়াখানার প্রাণীদের নতুন ক্যাম্পাসে নিয়ে যাওয়ার কাজ চলছে। পার্কটি এখনও সাধারণ দর্শকদের জন্য খোলা হয়নি; শুধুমাত্র স্কুল ও কলেজের গ্রুপগুলির জন্য অগ্রিম বুকিং চলছে। সাধারণের জন্য উদ্বোধনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।