আবার ডিলিট মমতাকে, এবার জাপানি বিশ্ববিদ্যালয় দিচ্ছে অনন্য সন্মান

ফের আন্তর্জাতিক সম্মানে ভূষিত হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সংস্কৃতিচর্চায় তাঁর উদ্যোগের দিকে নজর রেখে এবার তাঁকে সাম্মানিক ‘ডিলিট’ উপাধি প্রদান করতে চলেছে জাপানের বিখ্যাত ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়।
আজ, বুধবার, কলকাতার ভবানীপুরের ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে এই বিশেষ সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, এই সম্মান সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছে।
এই সম্মান পাওয়ার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্তির তালিকায় যুক্ত হতে চলেছে চতুর্থ সাম্মানিক ডিলিট (D.Litt.) উপাধি, যা এক রেকর্ড।
এর আগেও একাধিকবার সম্মানিত হয়েছেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও তিনটি বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে একই সম্মান পেয়েছেন:
২০১৮ সাল: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে সাম্মানিক ডি’লিট প্রদান করা হয়। সেই সময় তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তাঁর হাতে সম্মান তুলে দিয়েছিলেন।
২০২৩ সাল: সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকেও তাঁকে ডি’লিট উপাধি দেওয়া হয়। বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর হাতে সেই সম্মান তুলে দেন।
অন্যান্য: ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (KIIT) থেকেও সাম্মানিক ডক্টরেট পেয়েছেন তিনি।
সৃজনশীলতা ও প্রশাসনিক দক্ষতার আন্তর্জাতিক স্বীকৃতি
শুধুমাত্র প্রশাসনিক দক্ষতা বা সমাজসেবা নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনের পাশাপাশি সাহিত্য ও সৃজনশীলতার ক্ষেত্রেও অবদান রেখেছেন। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর একাধিক কবিতা, গদ্য রচনার বই। গান লেখা, তাতে সুর দেওয়া, ছবি আঁকার প্রতিও তাঁর অনুরাগ রয়েছে।
গত মার্চ মাসে রাজ্যের উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন কেলগ কলেজের পক্ষ থেকেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। দেশ-বিদেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমাজসেবা, সাহিত্য ও প্রশাসনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে এর আগেও বহুবার তিনি সম্মানিত হয়েছেন।
জাপানি শিক্ষা প্রতিষ্ঠানের এই সম্মান প্রদান বাংলার প্রশাসনিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে আন্তর্জাতিক স্তরে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।