শিয়ালদহ শাখায় ফের ট্রেন বিপর্যয়, সিগন্যালিং আপগ্রেডেশনের জেরে আজ রাতে ৪ ঘণ্টা পাওয়ার ব্লক, বাতিল একাধিক লোকাল

হাওড়া ডিভিশনের পর এবার শিয়ালদহ শাখার নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ। রেল পরিষেবা বিঘ্নিত হওয়ার জেরে যাত্রীদের ক্ষোভের মধ্যেই পূর্ব রেলের তরফে ঘোষণা করা হয়েছে যে, শিয়ালদহ ও বিধাননগর স্টেশনের মাঝে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এর ফলে আজ রাত থেকে প্রায় চার ঘণ্টা ট্রেন চলাচল সম্পূর্ণ ও আংশিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
পূর্ব রেল বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জরুরি সিগন্যালিং আপগ্রেডেশন, ট্র্যাক সংলগ্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক-পাওয়ার ব্যবস্থা সংস্কারের কাজের জন্য ১১ নভেম্বর রাত ১১টা ৪৫ মিনিট থেকে ১২ নভেম্বর ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট লাইনে পাওয়ার ব্লক কার্যকর থাকবে।
যে ট্রেনগুলি বাতিল:
পাওয়ার ব্লকের কারণে আজ রাতে শিয়ালদহ–ডানকুনি এবং শিয়ালদহ–নৈহাটি রুটের একাধিক লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
৩২২৪৯ শিয়ালদহ–ডানকুনি লোকাল।
৩২২৫২ ডানকুনি–শিয়ালদহ লোকাল।
৩১৪৪৭ শিয়ালদহ–নৈহাটি লোকাল।
৩১৪৫০ নৈহাটি–শিয়ালদহ লোকাল।
যাত্রাপথ সংক্ষিপ্ত ও সময় পরিবর্তন:
এছাড়া কয়েকটি ট্রেনের যাত্রাপথেও পরিবর্তন এসেছে:
সংক্ষিপ্ত যাত্রা: ৩১৫৪২ শান্তিপুর–শিয়ালদহ লোকালটি আর শিয়ালদহ পর্যন্ত যাবে না। ট্রেনটি ব্যারাকপুর স্টেশনেই যাত্রা শেষ করবে।
দেরিতে শুরু: ১২ নভেম্বর ভোরে ছাড়ার কথা থাকা ৩১৫১১ শিয়ালদহ–শান্তিপুর লোকালটি শিয়ালদহ থেকে না ছেড়ে ব্যারাকপুর স্টেশন থেকেই পরিষেবা শুরু করবে।
সময় বদল: ১২ নভেম্বর শিয়ালদহ–লালগোলা প্যাসেঞ্জার ট্রেন (৫৩১৭১) নির্ধারিত সময়ের তুলনায় ৩০ মিনিট দেরিতে, অর্থাৎ ভোর ৩টা ৪৫ মিনিটের পরিবর্তে ভোর ৪টা ১৫ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে।
রেলের এই আকস্মিক পরিবর্তনে শিয়ালদহ ডিভিশনের লক্ষাধিক নিত্যযাত্রীর যাতায়াতে সরাসরি প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যাত্রীদের একাংশের অভিযোগ, বারবার রক্ষণাবেক্ষণের জন্য পরিষেবা বন্ধ রাখা হলেও বিকল্প ব্যবস্থা পর্যাপ্ত রাখা হয় না, ফলে দুর্ভোগ চরমে ওঠে। যদিও রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রী সুরক্ষা এবং ভবিষ্যতে উন্নত পরিষেবা দেওয়ার জন্যই রাতের দিকে এই কাজগুলি করা হচ্ছে।