গৌতম গম্ভীরের কালীঘাট যাত্রা, ইডেন অনুশীলনের পর সতীপীঠে একা হেডস্যার, নিরাপত্তার ঘেরাটোপে ইডেন

কলকাতায় পা রাখলে গৌতম গম্ভীর যে কালীঘাট দর্শন বাদ দেন না, তা তার পুরনো অভ্যাস। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর থাকাকালীনও একাধিকবার তাঁকে ছুটে যেতে দেখা গিয়েছে এই সতীপীঠে। সেই অভ্যাসের ব্যতিক্রম হলো না এবারও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ভারতীয় দলের কোচ হিসেবে রবিবার রাতে শহরে এসেছেন তিনি। মঙ্গলবার সকালে ইডেন গার্ডেন্সে দলের প্রথম ঐচ্ছিক অনুশীলন শেষ করেই সময় নষ্ট করেননি শুভমন গিলদের হেডস্যার। দলের মঙ্গল কামনায় বিকেলে একাই চলে গেলেন কালীঘাট মন্দিরে পুজো দিতে।
বিকেল চারটে নাগাদ নীল টি-শার্টে মন্দিরে প্রবেশ করেন গম্ভীর। হঠাৎ দেশের কোচের এমন দর্শন পাওয়ায় মন্দির ও চত্বরে থাকা দর্শনার্থীরাও কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যান। কঠোর নিরাপত্তার মধ্যে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে পুজো দেন গম্ভীর, আরতিও দেখেন। এরপর দ্রুত তিনি মন্দির থেকে বেরিয়ে হোটেলে ফিরে যান। কেকেআর মেন্টর থাকাকালীন তিনি দলের অন্য সদস্যদের নিয়ে গেলেও, এবার গম্ভীর একাই মন্দিরে গিয়েছিলেন।
এদিকে, দিল্লি বিস্ফোরণের আবহে ইডেন টেস্টের আগে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। এদিন বিকেলে কলকাতার নগরপাল মনোজ ভার্মা নিজে ইডেনের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে ক্রিকেটের এই নন্দনকাননকে। রাতেও অতিরিক্ত বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয়েছে।
অন্যদিকে, টেস্টের টিকিট নিয়ে আগ্রহ যখন তুঙ্গে, তখন সকালে ইডেনের সবুজ গালিচায় দেখা গেল ক্যাপ্টেন শুভমন গিল, রবীন্দ্র জাদেজা, এবং জসপ্রীত বুমরার মতো তারকাদের। ঐচ্ছিক অনুশীলনে নিজেকে নিংড়ে দিলেন অধিনায়ক গিল। তবে নজর কাড়লেন কোচ গৌতম গম্ভীর। দলের তিন নম্বর ব্যাটার সাই সুদর্শনকে এদিন তিনি নিজে থ্রো-ডাউন অনুশীলন করালেন এবং টেকনিক্যাল বিষয়েও দীর্ঘ আলোচনা করলেন।