অবশেষে সাড়ে ৩ বছর পর বাড়ি ফিরছেন ‘পার্থদা’! হাসপাতাল থেকে নাকতলার পথে, অনুগামীদের ভিড় ও স্লোগান
প্রায় সাড়ে তিন বছর পর অবশেষে ঘরে ফিরছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতাল থেকে আজ, মঙ্গলবারই তাঁর নাকতলার বাসভবনে প্রত্যাবর্তনের সম্ভাবনা। সূত্রের খবর, দুটোর পর তিনি হাসপাতাল থেকে বের হতে পারেন।
দীর্ঘদিন পর ‘পার্থদা’-র বাড়ি ফেরাকে কেন্দ্র করে তাঁর অনুগামীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। দুপুর থেকেই প্রাক্তন মন্ত্রীর নাকতলার বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেছেন তাঁরা। একই ছবি দেখা গিয়েছে আর এন টেগোর হাসপাতালের বাইরেও।
এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই তাঁর নাকতলার বাড়িতে ইডি হানা দেওয়ার পর গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওই সময় তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ টাকাও উদ্ধার হয়েছিল, যা রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল।
অনুগামীদের দাবি, আইনি জটিলতার কারণে বাড়ি ফিরতে দেরি হলেও, অবশেষে তিনি ফিরছেন এবং গোটা এলাকাবাসী তাতে আনন্দিত। অনুগামীদের হাতে দেখা গেছে ব্যানার, যাতে লেখা— ‘বেহালা পশ্চিমে পার্থ চ্যাটার্জিকে আবার চাই’। তাঁরা বলছেন, এলাকার জন্য কাজের মানুষ হিসেবে তাঁরা আবারও পার্থ চট্টোপাধ্যায়কেই ফিরে পেতে চান।
জানা গিয়েছে, জামিনের শর্ত হিসেবে ইতিমধ্যেই ৯০ হাজার টাকা জমা পড়েছে। বিশেষ সিবিআই আদালতের বিচারক রিলিজ অর্ডারে সই করলেই সেই টাকা প্রেসিডেন্সি জেলে জমা হবে এবং এরপরই পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে ফেরার অপেক্ষার অবসান ঘটবে।